×
Logo

আন্তর্জাতিক

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র; ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র; ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের কারাদণ্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ইরানের রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। খবর গালফ নিউজের। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) নিউইয়র্কের ব্রুকলিনের একটি আদালত আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেন। 

তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো রাজনীতিক কিংবা সরকারি কর্মকর্তাকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা করার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

২০২০ সালের জানুয়ারিতে ইরানের বিদেশে সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা কমান্ডার কাসেম সোলেইমানি বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন। তার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আসছিলেন ইরানের কর্মকর্তারা। 

মার্চেন্টের বিরুদ্ধে অভিযোগ, সোলেইমানি হত্যার প্রতিশোধ নিতে তিনি যুক্তরাষ্ট্রে একজন রাজনীতিক বা সরকারি কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। তার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা ছিল বলেও অভিযোগ করেছে মার্কিন কর্তৃপক্ষ।

তবে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মার্চেন্ট দাবি করেন, ইরানের রাজধানী তেহরানে থাকা নিজের পরিবারকে রেভল্যুশনারি গার্ডসের হাত থেকে রক্ষা করতে তাকে এই ষড়যন্ত্রে জড়াতে বাধ্য করা হয়েছিল। তিনি আরও বলেন, কাউকে হত্যার আগেই তিনি ধরা পড়ে যাবেন বলে ধারণা করেছিলেন।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মার্চেন্ট দাবি করেন, তাকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়া হয়নি। তবে, ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট ইরানি যোগাযোগকারী তিনজনের নাম উল্লেখ করেছিলেন—ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। 

তবে, যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্চেন্টের ৩৩০ মাসের কারাদণ্ডের পর এক বিবৃতিতে ব্ল্যাঞ্চ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার প্রচেষ্টা সমন্বয় করতে যুক্তরাষ্ট্রে আসা একজন ইরানি এজেন্টকে তার অপরাধের জন্য যথাযথ সাজা দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নেতাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী ষড়যন্ত্র কোনোভাবেই সহ্য করা হবে না। এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত বিচার বিভাগ তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এর আগে, মার্কিন কর্মকর্তারা মার্চেন্টের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানিয়েছিলেন। তার বিরুদ্ধে আনা ষড়যন্ত্রের অভিযোগকে তারা ‘ইরানি শাসনব্যবস্থার প্রচলিত কৌশলেরই প্রতিফলন’ বলে বর্ণনা করেছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জুলাই যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতিকালে আসিফ মার্চেন্টকে গ্রেফতার করা হয়।

/এএন


Logo