রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার মার্কিন সেনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ এএম
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার হওয়া এক মার্কিন সেনা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের সামরিক হেফাজতে নেওয়া হয়েছে।
ব্রিটিশ সন্ত্রাসবাদবিরোধী পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তিসংক্রান্ত অভিযোগের তদন্তের দায়িত্ব এখন মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। ফলে ওই কর্মকর্তার যুক্তরাজ্যে বিচার হওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের সামরিক আইনে বিচার হতে পারে।
বিবিসি নিউজের তথ্য অনুযায়ী, ওই সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল ব্র্যান্ডন ক্যারল টাইনার। ৪১ বছর বয়সী এই কর্মকর্তা ২০০৮ সাল থেকে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত। গত সপ্তাহে, যুক্তরাজ্যের গ্লুচেস্টারের কাছে তাকে গ্রেফতার করে দেশটির সন্ত্রাসবাদবিরোধী পুলিশ।
ব্র্যান্ডন ক্যারল টাইনার গ্লুচেস্টারশায়ারের ইনসওর্থে অবস্থিত ইমজিন ব্যারাকে কর্মরত ছিলেন। এটি ন্যাটোর অ্যালাইড র্যাপিড রিঅ্যাকশন কর্পসের সদর দফতর। গ্রেফতারের সময় তিনি এই সামরিক ইউনিটের সঙ্গে কাজ করছিলেন। সেখানে তার কাছে সংবেদনশীল তথ্যের দায়িত্ব ছিল বলে জানা গেছে। এসব তথ্য রাশিয়ার হাতে গেলে তা অত্যন্ত ক্ষতিকর হতে পারত বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তিসংক্রান্ত অভিযোগের তদন্তের অংশ হিসেবে টাইনারকে এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে, তাকে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইন-২০২৩-এর ১ ও ৩ ধারায় গ্রেফতার করা হয়েছিল। এসব ধারায় সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
গ্রেফতারের পর তাকে লন্ডনে আটক রাখা হয়েছিল। এদিকে, গত ১০ নভেম্বর টাইনার গ্রেফতারের পরদিন মস্কোয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এ ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
পেসকভ বলেন, এ ঘটনা কীসের সঙ্গে সম্পর্কিত, তা তার জানা নেই। তিনি বলেন, ‘এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বিষয়টি আমাদের সঙ্গে সংশ্লিষ্টও নয়।’
মঙ্গলবার যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশের প্রধান সহকারী কমিশনার লরেন্স টেইলর জানান, তদন্তের দায়িত্ব মার্কিন অংশীদারদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘পরবর্তী সময়ে তদন্ত এগিয়ে নিতে দায়িত্বটি তাদের (মার্কিন অংশীদারদের) কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।’
টেইলর আরও বলেন, ‘এগুলো অত্যন্ত গুরুতর অভিযোগ। এ ধরনের গুপ্তচরবৃত্তির কর্মকাণ্ডের সন্দেহ হলে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে, আমাদের সম্মিলিত প্রতিক্রিয়ার মাধ্যমে সেই শক্ত বার্তা দেওয়া উচিত।’
বিবিসির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এমআইফাইভ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের যৌথ সহযোগিতায় দীর্ঘদিন ধরে চলা এক অভিযানের ফলেই টাইনারকে গ্রেফতার করা হয়। এর আগে, তিনি আফগানিস্তান-ইরাকে দায়িত্ব পালন করেছেন। তবে গ্রেপ্তারের সময় তিনি গ্লুচেস্টারের কাছে ন্যাটোর অ্যালাইড র্যাপিড রিঅ্যাকশন কর্পসের সঙ্গে কাজ করছিলেন।
টাইনারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের বিষয়ে তদন্তকারীরা যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কাছে একটি নথি জমা দিয়েছিলেন। অভিযোগগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। তবে এরই মধ্যে লন্ডনের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষও বিষয়টিতে যুক্ত হয়। শেষ পর্যন্ত টাইনারকে যুক্তরাষ্ট্রের সামরিক হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এর অর্থ, যুক্তরাজ্যে তার বিচার হবে না। বরং যুক্তরাষ্ট্রের সামরিক বিচারব্যবস্থা, ইউনিফর্ম কোড অব মিলিটারি জাস্টিসের (ইউসিএমজে) আওতায় তার বিচারপ্রক্রিয়া পরিচালিত হবে।
এ বিষয়ে এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল বলেন, গুপ্তচরবৃত্তির তদন্ত এবং এফবিআই, মার্কিন সেনাবাহিনী ও যুক্তরাজ্যের বিভিন্ন অংশীদার সংস্থার ঘনিষ্ঠ সহযোগিতার ফলেই ওই সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া সম্ভব হয়েছে।
তিনি বলেন, ‘আমরা একসঙ্গে জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি শনাক্ত করেছি এবং দ্রুত ব্যবস্থা নিয়েছি।’
/এআই