ইরাক সরকারের নির্দেশ প্রত্যাখ্যান
বাগদাদের কাছে ঘাঁটি ছাড়বে না ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম
ইরাকের রাজধানী বাগদাদের কাছে নিজেদের শক্তিশালী ঘাঁটি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ।
দেশটির কর্তৃপক্ষ ঘাঁটিটি ছেড়ে সেনাবাহিনীকে সেখানে প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানানোর পরও নিজেদের অবস্থানে অনড় রয়েছে গোষ্ঠীটি। মঙ্গলবার (১৬ নভেম্বর), বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন সংগঠনটির এক কমান্ডার।
কাতাইব হিজবুল্লাহর কমান্ডার আবু তালেব আল-সাইদি বলেন, বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখার এলাকায় তাদের শক্তিশালী ঘাঁটি ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তিনি বলেন, ‘এমন কিছু ঘটবে না, এমনকি আমাদের লাশের ওপর দিয়েও নয়।’
ঘাঁটিটিতে আয়োজিত এক সংবাদমাধ্যম পরিদর্শন কর্মসূচিতে এএফপির সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ইরানে প্রভাব কমানো এবং তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে ইরাক। ওয়াশিংটন এসব গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তবে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা ইরাকের জন্য বিষয়টি বেশ কঠিন হয়ে উঠেছে।
ঘাঁটি ছাড়তে প্রধানমন্ত্রী আল-জাইদির সময়সীমা
সোমবার (১৫ নভেম্বর), ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি, কাতাইব হিজবুল্লাহকে জুরফ আল-সাখার ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন। এর আগে, ওই এলাকায় তেল পাচারের ঘটনা ঘটেছে বলে একটি তদন্ত কমিটির প্রতিবেদনে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছিল ইরাক সরকার। এএফপিকে এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ঘাঁটি ছাড়ার জন্য গোষ্ঠীটিকে শুক্রবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
তবে কাতাইব হিজবুল্লাহ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রোববার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে, প্রধানমন্ত্রীর কার্যালয় ‘মিথ্যা অভিযোগ তৈরি করছে’।
এএফপিকে আল-সাইদি বলেন, ‘অস্ত্র সমর্পণের স্লোগান তুলে বাস্তবে আমাদের ওপর চাপ সৃষ্টি করতে না পেরে তারা এখন আমাদের দুর্বল করার জন্য, সৃষ্টিকর্তা না করুন, তেল পাচারের অভিযোগ তুলেছে।’
এই উত্তেজনা বৃদ্ধির জন্য ইরাক ও সিরিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাককে দায়ী করেন তিনি।
আল-সাইদি বলেন, ‘আমি দৃঢ়ভাবে এবং শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি, জুরফ আল-সাখার থেকে কাতায়েব হিজবুল্লাহকে প্রত্যাহারের যে স্বপ্ন তারা দেখছে, তা কখনোই পূরণ হবে না। এমনকি আমাদের লাশ, রক্ত, উত্তরাধিকার, আহত সদস্য ও শহীদদের ওপর দিয়েও নয়।’
তবে ইরাক সরকারের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে ভিন্ন অবস্থানের কথাও তুলে ধরেন এই কমান্ডার। তিনি বলেন, ‘কাতাইব হিজবুল্লাহ'র ইতিহাসে ইরাক সরকার বা নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে উচ্চপর্যায়ের কোনো সংঘাত নেই।’
তিনি আরও বলেন, ‘রক্তপাত এড়াতে আমরা এবং তারাও অত্যন্ত আন্তরিক।’
এর আগে, চলতি বছরের, ২৭ জানুয়ারি, কাতাইব হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছিলো। তখন থেকেই মার্কিন প্রশাসনের রেড লিস্টে চলে আসে এই ইরান সমর্থিত সংগঠন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি), সেই প্রতিশ্রুতি পূর্ণ করতে, আত্মঘাতী হামলার জন্য স্বেচ্ছাসেবক ফর্মে নাম লিখিয়েছিলো কিছু সদস্য। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সমর্থনে বিস্তৃত সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে।
সেই সময়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর কিছু সদস্য সাদা কাফনের কাপড় পরে স্বেচ্ছাসেবক ফর্মে স্বাক্ষর করছেন। গোষ্ঠীটি এই পদক্ষেপকে আত্মঘাতী অভিযানের প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছে।
এটি আসে সেই ঘোষণার পর, যেখানে কাতাইব হিজবোল্লাহ তাদের যোদ্ধা এবং সমর্থকদের ইরানের বিরুদ্ধে হুমকাকে প্রতিক্রিয়া হিসেবে বিস্তৃত যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিল।
এর আগে, সোমবার (১২ জানুয়ারি), এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব আবু হুসেইন আল-হামিদাভি বলেন, 'যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, আমরা ইরানি জনগণের পাশে থাকবে। এটি তাদের জন্য সহজ হবে না এবং এতে যুক্তরাষ্ট্রকে বড় মূল্য দিতে হবে।'
আল-হামিদাভি আরও বলেন, বর্তমান পরিস্থিতি অঞ্চলজুড়ে ‘সত্য ও মিথ্যার শক্তির’ মধ্যে নতুন সংঘাতের সূচনা করেছে এবং যুক্তরাষ্ট্র এই সংঘাতের নেতৃত্বদানকারী শক্তি হিসেবে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো পরিস্থিতিতেই কাতাইব হিজবুল্লাহ ইরান ও তার জনগণের সঙ্গে থাকবে।
এর আগে, ২০০৯ সালে, যুক্তরাষ্ট্র কাতাইব হিজবুল্লাহকে 'সন্ত্রাসী' সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এটি ইরাকে ইরানঘনিষ্ঠ শক্তিশালী গোষ্ঠীগুলোর একটি। এটি ইরাকের জনপ্রিয় মোবিলাইজেশন ফোর্সের অংশ এবং পূর্বে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বৃদ্ধির অংশ হিসেবে কাতাইব হিজবুল্লাহ এই ধরনের প্রস্তুতি নিচ্ছে।
/এআই