×
Logo

আন্তর্জাতিক

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেলো মক্কার ক্লক টাওয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেলো মক্কার ক্লক টাওয়ার

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দু'টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের মধ্যে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এ নিয়ে স্থাপনাটির গিনেস রেকর্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত পাঁচটিতে।

মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন, সম্প্রতি, ক্লক টাওয়ারের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দু'টি সনদ গ্রহণ করেছে। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুসারে, ক্লক টাওয়ারের জাদুঘরটি, ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। 

অন্যদিকে, টাওয়ারটির উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার। এই পর্যবেক্ষণ ডেক থেকে পবিত্র মসজিদুল হারাম এবং আশপাশের পুরো শহরের বিস্তৃত দৃশ্য দেখা যায়। উঁচু অবস্থানের কারণে এখান থেকে মক্কার স্থাপত্য ও নগরজীবনের এক অনন্য দৃশ্য উপভোগ করতে পারেন দর্শনার্থীরা।

ক্লক টাওয়ার মিউজিয়ামটি ২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। টাওয়ারটির সবচেয়ে ওপরের চারটি তলায় অবস্থিত এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার পদ্ধতি, মক্কার ইতিহাস এবং সুবিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশলগত নানা দিক তুলে ধরা হয়েছে।

জাদুঘরটিতে দর্শনার্থীরা জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রের বিবর্তন এবং সেগুলোর ব্যবহার সম্পর্কে জানতে পারেন। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাদুঘরটির উচ্চতা নির্ধারণের ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে সবচেয়ে কাছের মিলিমিটার পর্যন্ত পরিমাপ করেছে। রেকর্ডের সংজ্ঞা অনুযায়ী, জাদুঘর হলো এমন একটি স্থান, যেখানে জনসাধারণের শিক্ষা ও সাংস্কৃতিক সমৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়।

মক্কার ক্লক টাওয়ারের উচ্চতা ৬০১ মিটার। ২০১২ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। পবিত্র মসজিদুল হারামের পাশেই অবস্থিত সাতটি সুউচ্চ ভবনের সমন্বয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ এটি। সৌদি বিনলাদিন গ্রুপ কমপ্লেক্সটির নির্মাণকাজ করেছে। টাওয়ারটির ঘড়ির ওপর থাকা ৭১ মিটার উচ্চতার চূড়ার কারণে ভবনটির মোট উচ্চতা দাঁড়িয়েছে ৬০১ মিটারে।

টাওয়ারটির চার পাশে রয়েছে একই আকারের চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটির ব্যাস ৪৩ মিটার। লন্ডনের এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের তুলনায় এগুলো প্রায় ছয় গুণ বড়। ২০১১ সালের ২৮ নভেম্বর, ঘড়ির ডায়ালের এই বিশালত্বের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পায় ক্লক টাওয়ার।

এর আগে, বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘড়ির ডায়ালের রেকর্ডও ছিল স্থাপনাটির দখলে। নতুন দুটি স্বীকৃতি যুক্ত হওয়ায় জাদুঘর ও পর্যবেক্ষণ ডেকসহ ক্লক টাওয়ারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সংখ্যা এখন অন্তত পাঁচটি।

রয়্যাল কমিশন জানিয়েছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এই স্বীকৃতিগুলো মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দা, হজ ও ওমরাহ পালনকারীসহ অন্যান্য দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রচেষ্টার প্রতিফলন।

কমিশনের এ উদ্যোগের লক্ষ্য, মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্যগত ঐতিহ্যকে কাজে লাগিয়ে শহরটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়ানো। একই সঙ্গে এসব স্থাপনার উন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করাও এ প্রচেষ্টার অংশ।

/এআই 

Logo