×
Logo

আন্তর্জাতিক

স্টারলিংকের বিধিনিষেধ তুলে নিতে মাস্ককে জেলেনস্কির আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

স্টারলিংকের বিধিনিষেধ তুলে নিতে মাস্ককে জেলেনস্কির আহ্বান

রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনের সক্ষমতা ব্যাহত হচ্ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের ধীরগতির কারণে। এ পরিস্থিতিতে সেবাটির ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে যুক্তরাষ্ট্র সরকার ও ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। একই সঙ্গে ‘ইতিহাসের সঠিক পক্ষে’ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা স্টারলিংকের গতি এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম। এর ফলে রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনীয় বাহিনীর সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

স্টারলিংক সেবার ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার প্রত্যাশা জানিয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা এসব বিধিনিষেধ তুলে নেওয়ার ওপর নির্ভর করছি। শীত মৌসুমের আগে মানুষের জীবন এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর সুরক্ষা সরাসরি এর ওপর নির্ভরশীল।’

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক থেকে তৈরি সামরিক কাজে ব্যবহারের উপযোগী স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা স্টারশিল্ডের গতি নিয়ে কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র সরকার ইউক্রেনকে এই সেবা সরবরাহ করছে। তবে এর কার্যকারিতা ও গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে কিয়েভ।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকার এবং ইলন মাস্কের প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি।

তিনি বলেন, ‘আমি কর্মকর্তাদের যতটা সম্ভব ঘনিষ্ঠভাবে যুক্তরাষ্ট্র সরকার ও মাস্কের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছি। ইতিহাসের সঠিক পক্ষে থাকা গুরুত্বপূর্ণ।’

/এআই 

Logo