বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম
বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার (১৫ নভেম্বর) চালানো এ হামলা গত তিন দিনের মধ্যে দেশটিতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানের দ্বিতীয় হামলার চেষ্টা। খবর বিবিসির।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, বাহরাইনের আল-রিফা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডার স্থাপনাকে লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
তবে, বাহরাইনের সামরিক বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ড্রোন হামলা প্রতিহত ও ধ্বংস করেছে। লক্ষ্য অর্জনের আগেই ড্রোনগুলো ধ্বংস করা হয় বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।
রোববার বাহরাইনের বিভিন্ন স্থানে সাইরেন বেজে ওঠে। এ সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিকটস্থ নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানায়।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিজ ভূখণ্ডে ইরানের অব্যাহত নৃশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাহরাইন। এসব হামলার পরিণতির জন্য ইরানকে সম্পূর্ণ দায়ী করছে দেশটি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত হামলা-সংক্রান্ত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। মার্কিন শত্রুর যেকোনো আগ্রাসনের জবাব আরও কঠোর ও শক্তিশালীভাবে দেওয়া হবে।
এর আগে, চলতি সপ্তাহে আইআরজিসি দাবি করেছিল, শুক্রবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার ব্যবস্থা ধ্বংস করেছে তারা।
তবে মার্কিন সামরিক বাহিনী এ দাবি অস্বীকার করেছে। তাদের ভাষ্য, আইআরজিসি বাহরাইনের দিকে দুটি একমুখী আক্রমণকারী ড্রোন পাঠিয়েছিল। মার্কিন বাহিনী দুটি ড্রোনই ভূপাতিত করেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং কোনো স্থাপনার ক্ষতিও হয়নি।
এর আগে, শুক্রবারও (১৩ নভেম্বর) বাহরাইনে ড্রোন হামলা চালায় ইরান। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় দেশগুলোতে এটি ছিল ইরানের প্রথম হামলা।
এদিকে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিশ্বের মোট গ্যাস ও তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তবে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পথে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে।
ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার দাবি জানিয়ে আসছে। দেশটি যেসব জাহাজ চলাচলকে ‘অননুমোদিত’ বলে মনে করছে, সেগুলোতে হামলা চালাচ্ছে। অন্যদিকে, উপসাগরীয় আরব দেশগুলোর তেল রফতানি সচল রাখতে প্রণালিটি দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিচ্ছে মার্কিন সামরিক বাহিনী।
/এএন