×
Logo

আন্তর্জাতিক

প্রয়াত খামেনির কণ্ঠ নকল করে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানি কমেডিয়ানের ৫ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

প্রয়াত খামেনির কণ্ঠ নকল করে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানি কমেডিয়ানের ৫ বছরের কারাদণ্ড

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠস্বর নকল করে ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশের দায়ে ব্লগার-কমেডিয়ান সাঈদ শাকিবাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। 

তেহরানের বিপ্লবী আদালতের '২৮ নম্বর' শাখা এ রায় দেন। জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ‘সমাবেশ-ষড়যন্ত্রের’ অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

শুক্রবার (১৩ নভেম্বর) হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এ তথ্য জানায়। 

বর্তমানে, সাঈদ শাকিবাকে বৃহত্তর তেহরান কারাগারে রাখা হয়েছে। মানবাধিকার সংগঠন হেনগাওও তার কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। 

সংগঠনটির ভাষ্য, গত সপ্তাহে, এ মামলার শুনানি অনুষ্ঠিত হয় এবং কারাগারেই শাকিবাকে রায়ের বিষয়টি জানানো হয়।

গত অক্টোবরের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশের পর গ্রেফতার হন সাঈদ শাকিবা। ভিডিওটিতে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির কণ্ঠস্বর নকল করেছিলেন তিনি। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে খামেনি নিহত হওয়ার পর এ ভিডিও প্রকাশ করেন শাকিবা।

ভিডিওটি প্রকাশের পর, ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সি জানায়, এক ব্লগারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রকাশিত ভিডিও'র বিষয়বস্তুকে ‘অপমানজনক ও অবমাননাকর’ বলেও উল্লেখ করে সংবাদমাধ্যমটি।

এ ঘটনায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বিচার বিভাগের এক বিবৃতিতে মামলার শুনানিতে শাকিবার বিরুদ্ধে কয়েকটি অভিযোগের কথা উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তাদের অপমান, রাষ্ট্রবিরোধী প্রচারণা এবং ইসরায়েলকে সমর্থন দেওয়া।

তবে এইচআরএএনএর তথ্য অনুযায়ী, শেষ পর্যন্ত জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ‘সমাবেশ ও ষড়যন্ত্রের’ অভিযোগেই তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শাকিবার এই দণ্ডাদেশের ঘটনা ইরানে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এর আগে, ২০২৩ সালে, ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতার ওপর কঠোর বিধিনিষেধ এবং সরকারের সমালোচকদের বিরুদ্ধে বিচারিক পদক্ষেপের বিষয়টি তুলে ধরেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্তৃপক্ষ সরকার, ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা কিংবা সরকারি নীতির সমালোচনাকারীদের ভয় দেখানো ও বিচারের মুখোমুখি করতে বিভিন্ন ফৌজদারি আইন ব্যবহার করে।

এছাড়া দেশটির নিরাপত্তা ও বিচার বিভাগীয় সংস্থাগুলো অনেক ক্ষেত্রে নাগরিকদের বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টকে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অভিযোগ আনার ভিত্তি হিসেবে ব্যবহার করে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

সরকারের সমালোচকদের গ্রেফতার ও শাস্তি দেওয়া, গণমাধ্যমের কার্যক্রমে বিধিনিষেধ আরোপ এবং অনলাইন কনটেন্টে সেন্সরশিপের বিষয়গুলোও ইরানে মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের উদাহরণ হিসেবে তুলে ধরে মার্কিন পররাষ্ট্র দফতর।

/এআই 

Logo