×
Logo

আন্তর্জাতিক

কক্ষপথ ঘুরে লঞ্চপ্যাডে ফিরে এলো স্পেসএক্সের স্টারশিপ, পুনর্ব্যবহারযোগ্য রকেটে বড় সাফল্য

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ এএম

কক্ষপথ ঘুরে লঞ্চপ্যাডে ফিরে এলো স্পেসএক্সের স্টারশিপ, পুনর্ব্যবহারযোগ্য রকেটে বড় সাফল্য

কক্ষপথে ২২ ঘণ্টার অভিযান শেষে পৃথিবীতে ফিরে এসে প্রথমবারের মতো উৎক্ষেপণ টাওয়ারের বিশাল যান্ত্রিক বাহুর মধ্যে সফলভাবে অবতরণ করেছে স্পেসএক্সের মহাকাশযান স্টারশিপ। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে এ ঘটনা ঘটে। রকেটের উভয় অংশ পুনর্ব্যবহারযোগ্য করে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এটি স্পেসএক্সের জন্য বড় ধরনের প্রকৌশলগত অগ্রগতি।

স্টারবেস থেকে উৎক্ষেপণের প্রায় এক দিন পর ১৭১ ফুট উচ্চতার স্টারশিপ ঘন মেঘ ভেদ করে নিচে নেমে আসে। এরপর ইঞ্জিন পুনরায় চালু করে নিজেকে খাড়া অবস্থানে নিয়ে যায় মহাকাশযানটি। ইঞ্জিনের গর্জন অব্যাহত রেখেই ধীরে ধীরে নেমে আসে উৎক্ষেপণ টাওয়ারের ‘মেকাজিলা’ নামে পরিচিত বিশাল যান্ত্রিক বাহুর মধ্যে। মহাকাশ থেকে বায়ুমণ্ডলে ফেরার সময় প্রচণ্ড তাপে পুড়ে যাওয়া মহাকাশযানটি শেষ পর্যন্ত ইঞ্জিন বন্ধ করে স্থির অবস্থায় ঝুলে থাকে। স্টারশিপের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে দীর্ঘ অভিযান।

এর আগে শুক্রবার টেক্সাসের স্টারবেস থেকে উৎক্ষেপণের সময় রকেটের নিচের অংশ সুপার হেভি বুস্টার স্টারশিপকে কক্ষপথে পৌঁছে দেয়। পরিকল্পনা অনুযায়ী, উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর বুস্টারটিরও একইভাবে উৎক্ষেপণকেন্দ্রে ফিরে আসার কথা ছিল। কিন্তু সেটি সফলভাবে ফিরে আসতে ব্যর্থ হয়। ফলে প্রথমবারের মতো একই অভিযানে রকেটের দুই অংশই উদ্ধার করার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

তবে পৃথিবীর কক্ষপথে ১৪ বার প্রদক্ষিণ করে ২২ ঘণ্টারও বেশি সময় পর স্টারশিপের ওপরের অংশের সফল প্রত্যাবর্তনকে বড় প্রকৌশলগত মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। কয়েক বিলিয়ন ডলারের এই প্রকল্পের মাধ্যমে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এমন একটি রকেট ব্যবস্থা তৈরি করতে চান, যা মহাকাশে যাওয়া এবং পৃথিবীতে ফিরে আসার পর আবারও ব্যবহার করা যাবে।

শুক্রবার রাতে প্রায় ১৬১ মাইল বা ২৬০ কিলোমিটার উচ্চতায় অবস্থানকালে স্টারশিপ ২৬টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে। এরপর শনিবার বায়ুমণ্ডলে প্রবেশের প্রস্তুতি হিসেবে একটি ইঞ্জিন চালু করে মহাকাশযানটি। ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসার সময় বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে প্রচণ্ড তাপের মুখে পড়ে এটি। দক্ষিণ টেক্সাসের উপসাগরীয় উপকূলে অবস্থিত স্টারবেসের আকাশে নামার সময় এর গতি কমে শব্দের চেয়েও বেশি গতির একটি মুক্তপতনে পরিণত হয়।

বিশ্বের মহাকাশ উৎক্ষেপণ খাতে স্পেসএক্সের আধিপত্যের বড় ভিত্তি তাদের ফ্যালকন-৯ রকেট। ২০১০ সাল থেকে এ পর্যন্ত ৭০০ বারের বেশি উৎক্ষেপণ করা হয়েছে রকেটটি। এর প্রথম ধাপ পুনর্ব্যবহারযোগ্য হলেও দ্বিতীয় ধাপ— যা পেলোডকে কক্ষপথে পৌঁছে দেয়. প্রতিটি অভিযানের পর সমুদ্রে ফেলে দেওয়া হয়।

স্টারশিপের মাধ্যমে এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে চান ইলন মাস্ক। তার লক্ষ্য, বাণিজ্যিক উড়োজাহাজের মতো দ্রুত ও নিয়মিত ব্যবধানে মহাকাশে যাতায়াত করতে সক্ষম একটি রকেট ব্যবস্থা তৈরি করা। ভবিষ্যতে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ব্যবসার পাশাপাশি কক্ষপথে ডেটা সেন্টার স্থাপন, মানুষকে আবার চাঁদে পাঠানো এবং একপর্যায়ে মঙ্গলে বসতি গড়ার উচ্চাভিলাষী পরিকল্পনার সঙ্গেও যুক্ত এই মহাকাশযান।

তবে শনিবারের সফল অবতরণ সত্ত্বেও স্টারশিপের দুই অংশকে একই অভিযানে নিরাপদে ফিরিয়ে আনার সক্ষমতা এখনো অর্জন করতে পারেনি স্পেসএক্স। এ ছাড়া মহাকাশযানটির তাপরোধী ব্যবস্থাও পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। কালো ষড়ভুজাকৃতির বিশেষ টাইল দিয়ে তৈরি এই হিট শিল্ড বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রচণ্ড তাপ থেকে মহাকাশযানটিকে সুরক্ষা দেয়। প্রতিটি অভিযানের পর যাতে এসব টাইলের সংস্কার বা মেরামতের প্রয়োজন খুব কম হয়, এমনকি একেবারেই না হয়, সে লক্ষ্যে নতুন নকশা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এর আগে ২০১১ সালে অবসরে যাওয়ার আগে নাসার স্পেস শাটল ব্যবস্থা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পরিবহনে ব্যবহৃত হতো। সেটিও আংশিক পুনর্ব্যবহারযোগ্য ছিল। তবে পৃথিবী থেকে শাটলকে মহাকাশে পৌঁছে দেওয়া বুস্টার অংশগুলো প্রতিটি অভিযানের পর ফেলে দেওয়া হতো। আর পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযানটিকে পরবর্তী উড্ডয়নের উপযোগী করতে ব্যাপক সংস্কার ও মেরামতের প্রয়োজন হতো।

/এনএ 

Logo