×
Logo

আন্তর্জাতিক

ব্যবহারকারীদের সম্মতি ছাড়া ছবি ব্যবহারে মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ইতালির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

ব্যবহারকারীদের সম্মতি ছাড়া ছবি ব্যবহারে মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ইতালির

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যক্তিগত ছবি-ভিডিও ব্যবহারের আগে যথাযথ সম্মতি না নেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালি। 

দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক অ্যাপের একটি বিশেষ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার পেয়েছিল মেটা। তবে এ বিষয়ে প্রায় দুই কোটি স্মার্টফোন ব্যবহারকারীকে যথাযথভাবে অবহিত করা হয়নি।

ইতালির ডেটা প্রোটেকশন অথরিটির (ডিপিএ) তথ্য অনুযায়ী, ফেসবুকের ওই ফিচার ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও থেকে নতুন পোস্টের জন্য বিভিন্ন পরামর্শ বা আইডিয়া দেখায়। এ সুবিধা চালু করতে ব্যবহারকারীদের কাছ থেকে পুরো অ্যাপের জন্য একবারই অনুমতি নেওয়া হতো। কিন্তু ওই অনুমতির মাধ্যমে ফেসবুক যে ফোনের গ্যালারিতে থাকা ছবি বিশ্লেষণ করে পোস্টের পরামর্শ তৈরি করতে পারবে, তা স্পষ্টভাবে জানানো হয়নি।

নিয়ন্ত্রক সংস্থাটির অভিযোগ, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়টি যথাযথভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে মেটা। ফলে ব্যবহারকারীরা নিজেদের ছবি ও ভিডিও কীভাবে ব্যবহৃত হচ্ছে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাননি।

এ ঘটনায় মেটাকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ইতালির কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ করতে হবে এবং ব্যবহারকারীদের কাছ থেকে আলাদাভাবে সম্মতি নিতে হবে।

জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর বিপুল সংখ্যা এবং মেটার অসহযোগিতার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, যারা এখনো অ্যাপটি আপডেট করেননি এবং যারা ইতোমধ্যে ফিচারটি ব্যবহারের সম্মতি দিয়েছেন, তাদের ক্ষেত্রেও বিষয়টি চলমান রয়েছে। 

এদিকে, গত মাসেও নিজেদের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে বড় ধরনের আইনি জটিলতায় পড়ে মেটা। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের তথ্য কীভাবে পরিচালনা করা হয়, সে বিষয়ে দীর্ঘদিন ধরে জনসাধারণকে বিভ্রান্ত করেছে প্রতিষ্ঠানটি।

ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানাও মেটার হাতে। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও সম্মতি ছাড়া তথ্য ব্যবহারের বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির ওপর বিভিন্ন দেশে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি অব্যাহত রয়েছে।

/এআই 

Logo