×
Logo

আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন ফের পেছাল, ভোট ১১ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

দক্ষিণ সুদানে প্রথম নির্বাচন ফের পেছাল, ভোট ১১ ফেব্রুয়ারি

দক্ষিণ সুদানে প্রথমবারের মতো প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আবারও পিছিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ১১ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, চলতি বছরের ২২ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। খবর আল-জাজিরার। 

শনিবার (১৪ নভেম্বর) দেশটির নির্বাচন কমিশন নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে। তবে নির্বাচন পেছানোর কোনো কারণ জানায়নি তারা।

নতুন নির্বাচনী সময়সূচি অনুযায়ী, শনিবার ১৪ নভেম্বর থেকে ভোটার নিবন্ধন শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

আগামী ২৭ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫ দিনের নির্বাচনী প্রচার চলবে। এরপর এক দিন প্রচারবিহীন সময় শেষে ১১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান গ্যাব্রিয়েল বোল ডেং জানান, দেশজুড়ে মোট ৩ হাজার ১৬১টি ভোটার নিবন্ধন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনার জন্য ২২ হাজারের বেশি কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দক্ষিণ সুদানের প্রায় দেড় কোটি মানুষের মধ্যে ৯০ শতাংশের কাছেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত পরিচয়পত্র নেই। ফলে ভোটার নিবন্ধন কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান জানান, বিশেষ করে গ্রামীণ এলাকার যেসব মানুষের পরিচয়পত্র নেই, তাদের স্থানীয় সম্প্রদায়ের নেতাদের মাধ্যমে শনাক্ত করা হবে। পরে তাদের একটি পরিচয়পত্র দেওয়া হবে, যার মাধ্যমে তারা ভোট দিতে পারবেন।

বিশ্বের সবচেয়ে নবীন রাষ্ট্র দক্ষিণ সুদান ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভ করে। দেশটিতে ২০২২ সালে প্রথম জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও এরপর অন্তত তিনবার নির্বাচন পেছানো হয়েছে।

২০১৮ সালে পাঁচ বছরের গৃহযুদ্ধের অবসানে শান্তিচুক্তি হলেও দেশটিতে এখনো সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা চলছে। এর মধ্যেই জাতিগত ও রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

গত সেপ্টেম্বরে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির অন্তর্বর্তী ঐক্য সরকার ভেঙে দিয়ে একটি তত্ত্বাবধায়ক প্রশাসন নিয়োগ করেন। এর ফলে স্থায়ী সংবিধান প্রণয়ন ও আদমশুমারি সম্পন্ন না করেই নির্বাচনের পথে এগোনোর সুযোগ তৈরি হয়। এর আগে নির্বাচন আয়োজনের জন্য এই দুটি প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি ছিল।

তবে বিশ্লেষক ও পর্যবেক্ষকেরা সতর্ক করে বলেন, এ পদক্ষেপের ফলে ক্ষমতা ভাগাভাগির গুরুত্বপূর্ণ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে প্রেসিডেন্ট কিরের হাতে আরও ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বেড়েছে।

এদিকে, দক্ষিণ সুদানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ইয়াসমিন সুকা গত অক্টোবরে বলেন, আইন সংস্কারের মাধ্যমে কার্যত সাংবিধানিক অভ্যুত্থান ঘটানো হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন হোক বা না হোক, দক্ষিণ সুদানে সবার অংশগ্রহণে রাজনৈতিক সমঝোতা, বেসামরিক মানুষের সুরক্ষা এবং সহিংসতা ঠেকাতে সক্ষম প্রতিষ্ঠান প্রয়োজন।

/এএন



Logo