শীতের আগমনে গাজায় পরিবারগুলোর দুর্ভোগ চরমে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ এএম
শীতের আগমনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে। একদিকে তীব্র শীত, অন্যদিকে বৃষ্টিতে প্লাবিত তাঁবু ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম; সব মিলিয়ে শিশুদের উষ্ণ রাখা কঠিন হয়ে পড়েছে পরিবারগুলোর জন্য।
শীতের পোশাক, কম্বল কিংবা বৃষ্টির পানি ঠেকানোর মতো পর্যাপ্ত আশ্রয় না থাকায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।
গাজা সিটির একটি অস্থায়ী আশ্রয়শিবিরে চার মাসের শিশুসন্তান মোহাম্মদকে নিয়ে রাত কাটান আমিরা সাদ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে গেলে শিশুটিকে উষ্ণ রাখতে উদ্বেগ বাড়ে ২৭ বছর বয়সী এই মায়ের। শিশুটির গায়ে এখনো গ্রীষ্মের পাতলা পোশাক। শীতের কাপড় কেনার সামর্থ্য না থাকায় প্রতিবেশীর কাছ থেকে একটি গরম পোশাক ধার করেছেন তিনি। তাতেও রাতের ঠান্ডা থেকে সন্তানকে পুরোপুরি রক্ষা করতে পারছেন না।
আমিরার পরিবারের মোট সদস্য ১৯ জন। তাদের মধ্যে রয়েছে ৯ শিশু। একটি ত্রিপল দিয়ে তৈরি অস্থায়ী আশ্রয়ে গাদাগাদি করে বসবাস করছে পরিবারটি। সেখানে শীত কিংবা বৃষ্টি থেকে বাঁচার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই। পরিবারের সবার জন্য গরম কাপড় ও কম্বল জোগাড় করাও দিন দিন কঠিন হয়ে উঠছে।
ইসরায়েলের গাজায় সামরিক অভিযান শুরুর পর গাজা সিটির শুজাইয়া এলাকা থেকে বাস্তুচ্যুত হয় আমিরার পরিবার। এরপর থেকে শহরের পশ্চিমাঞ্চলের একটি অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে তারা।
সম্প্রতি ভারী বৃষ্টিতে তাদের তাঁবুতে পানি ঢুকে পড়ে। ভিজে যায় বিছানার তোশক, বালিশ ও কম্বল।
আমিরা বলেন, ‘আমরা যখন ঘুমিয়ে ছিলাম, তখনই তাঁবুতে পানি ঢুকে পড়ে। কম্বল, তোশক ও বালিশ সব ভিজে যায়। সবকিছু পানিতে একাকার হয়ে গিয়েছিল।’
পরিবারের শিশুদের বেশিরভাগের গায়েই পুরোনো ও ছেঁড়া গ্রীষ্মের পোশাক। শুধু শিশুদের নয়, পরিবারের অন্য সদস্যদের নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন আমিরা। তার ৬০ বছর বয়সী শাশুড়ি বাসিমা সাদের উদ্বেগ আরও বেশি। কারণ, তার ২৩ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ের জন্য প্রয়োজন শীতের পোশাক ও নিয়মিত ওষুধ।
বাসিমা বলেন, ‘তার হাত বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তাকে উষ্ণ রাখতে নিজের বিছানায় পাশে শুইয়ে রাখি, ঠিক যেমন ছোট শিশুকে আগলে রাখি। নিজের পোশাক পরার আগেই তাকে কাপড় পরিয়ে দিই। আগে নিশ্চিত হই, সে যেন ঠান্ডায় কষ্ট না পায়।’
পরিবারটির নিয়মিত কোনো আয় নেই। খাবারের জন্য নির্ভর করতে হয় বিভিন্ন কমিউনিটি রান্নাঘরের ওপর। ফলে শীতের পোশাক কিংবা কম্বল কেনার মতো বাড়তি অর্থ তাদের হাতে থাকে না।
আমিরা জানান, তার স্বামীর কোনো কাজ নেই। দুই দিন আগে, ধ্বংসস্তূপ সরানোর কাজ করতে বাইরে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে কাজ করতে গিয়ে তার হাত ভেঙে যায়।
আমিরা বলেন, ‘আমার স্বামীর কোনো চাকরি নেই। দুই দিন আগে ধ্বংসস্তূপ সরানোর কাজ করতে গিয়েছিল, কিন্তু হাত ভেঙে ফেলেছে। আমাদের অবস্থা খুব খারাপ। তার ওপর প্রচণ্ড ঠান্ডা।’
শিশুদের নিয়ে বাড়ছে উদ্বেগ, প্রাণ গেল ৯ মাসের শিশুর
গাজার বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য শীতের এই দুর্ভোগ কেবল অস্বস্তির বিষয় নয়, বরং জীবননাশের ঝুঁকিও তৈরি করছে। বিশেষ করে নবজাতক ও ছোট শিশুদের জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।
এরই মধ্যে বৃহস্পতিবার হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় প্রাণ হারিয়েছে ৯ মাস বয়সী শিশু কিনান আহমেদ রাকিক।
বার্তা সংস্থা এএফপিকে শিশুটির বাবা জানিয়েছেন, রাতে তাঁবুর ভেতরে ঘুম থেকে উঠে তিনি দেখেন, তার সন্তানের শরীর নীলচে হয়ে গেছে।
এ ধরনের ঘটনা গাজার আরেক বাসিন্দা ৪৬ বছর বয়সী আমাল আল-মায়দানার উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সাত সন্তানের এই মা একাই সন্তানদের বড় করছেন। ২০২৫ সালের জানুয়ারিতে ইসরায়েলি কোয়াডকপ্টারের হামলায় নিহত হন তার স্বামী হামজা। একই বছরের নভেম্বরে ইসরায়েলি স্নাইপারের গুলিতে প্রাণ হারান তার বড় ছেলে হাইসাম। মৃত্যুর সময় তার বয়স ছিল ২৫ বছর।
গাজা সিটির জেইতুন এলাকার বাসিন্দা আমাল যুদ্ধের মধ্যে ছয়বার বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে বারবার আশ্রয় পরিবর্তন করতে হয়েছে তাকে। এ সময়ে হারিয়েছেন পরিবারের বাড়ি, জমি ও গাড়ি। বর্তমানে একটি তাঁবুতে সন্তানদের নিয়ে বসবাস করছেন তিনি।
শীত এলেও তার ছোট দুই মেয়ে রিমাস ও মালাকের গায়ে এখনো গ্রীষ্মের পোশাক। কিন্তু নতুন পোশাক কেনার সামর্থ্য নেই পরিবারের। আমাল বলেন, ‘সবকিছুর দাম অনেক বেশি। শিশুদের পোশাক, জুতা, কোনো কিছুরই দাম নাগালের মধ্যে নেই।’
যা পাওয়া যায়, তা দিয়েই সন্তানদের প্রয়োজন মেটানোর চেষ্টা করেন আমাল। কিন্তু তাতে শীতের প্রকোপ থেকে তাদের পুরোপুরি রক্ষা করা সম্ভব হচ্ছে না। তাদের তাঁবুর ওপরের ক্ষতিগ্রস্ত ত্রিপল দিয়ে বৃষ্টির পানি ভেতরে ঢুকে পড়ে। শীত নিবারণের কোনো যন্ত্রপাতি না থাকায় কম্বলই তাদের একমাত্র ভরসা।
আমাল বলেন, ‘নিজেদের গরম রাখার কোনো ব্যবস্থা আমাদের নেই। শুধু শিশুদের গায়ে কম্বল জড়িয়ে দিই।’
আবারও ঝড়-বৃষ্টি শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। আমালের ভাষায়, ‘আমরা শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি, তাঁবুতে বসবাস করা মানুষদের জন্য যেন এই শীত কিছুটা সহজ করে দেন।’
শীতকালীন সহায়তায় ঘাটতি, প্রয়োজন লাখো শিশুর
গাজায় শীত মোকাবিলায় মানবিক সহায়তার প্রয়োজন ক্রমেই বাড়ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দফতর (ওসিএইচএ) জানিয়েছে, উপত্যকাটির ৯৪ শতাংশ মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় সহায়তা প্রয়োজন। সেখানকার প্রায় ৬৫ শতাংশ পরিবার তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৬ লাখ ৫০ হাজার শিশুর জন্য শীতকালীন সহায়তা প্রয়োজন। এই সহায়তার মধ্যে রয়েছে গরম পোশাক, কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
তবে প্রয়োজনের তুলনায় সহায়তার পরিমাণ অত্যন্ত কম। ওসিএইচএর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত মানবিক সহায়তা সংস্থাগুলো মাত্র ৯ হাজার পরিবারের জন্য শীতের পোশাক এবং ৫০ হাজার পরিবারের জন্য বিছানাপত্রের ব্যবস্থা করতে পেরেছিল। অথচ গাজায় শীত মোকাবিলায় এর চেয়ে অনেক বেশি সহায়তা প্রয়োজন।
অর্থের সংকটও শীতকালীন প্রস্তুতিকে বাধাগ্রস্ত করছে বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি।
এমন পরিস্থিতিতে গাজার বাস্তুচ্যুত পরিবারগুলোর কাছে শীতকাল কেবল ঋতু পরিবর্তনের বিষয় নয়; বরং বেঁচে থাকার নতুন এক লড়াই। বিশেষ করে শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পর্যাপ্ত পোশাক, কম্বল ও নিরাপদ আশ্রয়ের অভাব তাদের জীবনকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
/এআই