বাহরাইনে মার্কিন আগাম সতর্কতা রাডারে হামলার দাবি ইরানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম
বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতা রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির দাবি, দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে মার্কিন আগাম সতর্কতা রাডার লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ইরানের এ দাবি সত্য হলে, সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় এটিই হবে প্রথম হামলার ঘটনা।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে সাময়িক বিরতি থাকলেও পরিস্থিতি এখনও নাজুক। এর মধ্যেই নতুন হামলার দাবি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এ সংঘাতের সূচনা হয়। পরে তা মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
সংঘাতের ধারাবাহিকতায় উপসাগরীয় বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত করার উদ্যোগ নেয় তেহরান।
এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে ওয়াশিংটন। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
তবে বাহরাইনে মার্কিন রাডার লক্ষ্য করে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইন সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানের এ দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
/এনএ