×
Logo

আন্তর্জাতিক

সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগের ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারের দরপতন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২২ এএম

সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগের ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারের দরপতন

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির শেয়ারের দরপতন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ। দিনের শুরুতে একপর্যায়ে দরপতনের হার ১৪ শতাংশ ছাড়িয়ে গেলেও লেনদেনের শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়ায় শেয়ারটি। খবর সিএনবিসির।

দিনের বেশির ভাগ সময় এনভিডিয়ার বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলারের নিচে অবস্থান করলেও লেনদেন শেষ হওয়ার আগে সামান্য বেড়ে আবারও এ সীমা অতিক্রম করে। ২০২৫ সালের জুলাই থেকে কোম্পানিটির বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলারের ওপরে ছিল। দিনের শুরুতে বড় ধরনের দরপতনের পর শেষ পর্যন্ত ক্ষতি কিছুটা কমিয়ে আনতে সক্ষম হয় শেয়ারটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এনভিডিয়া জানায়, নতুন প্রধান নির্বাহী নিয়োগ না দেওয়া পর্যন্ত কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে সাবেক সিনপসিস প্রধান নির্বাহী হার্ভি সি. জোনস কোম্পানিটির পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন।

এর আগে রোববার নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন জেনসেন হুয়াং। ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, ক্লাউড প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, অ্যালিস চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করেন।

এ ছাড়া অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীনে এনভিডিয়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হুয়াওয়েরও সংশ্লিষ্টতার তথ্য সামনে এসেছে। বৃহস্পতিবার এক বিশেষ প্রতিবেদনে সিএনবিসির ইমন জেভার্স জানান, হুয়াওয়ের সুবিধা পাওয়া চীনা কয়েকটি প্রতিষ্ঠানে অ্যালিসের মালিকানা বা অংশীদারত্ব থাকতে পারে। একই সময়ে তিনি এনভিডিয়ার সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বুধবার নিউইয়র্ক টাইমস জানায়, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। ওই প্রতিবেদনে বলা হয়, কিম্বারলি সরাসরি হুয়াংয়ের অধীনে কাজ করতেন। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে আরও এক কর্মীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলা হয়। তবে ওই কর্মীর পরিচয় প্রকাশ করা হয়নি।

হুয়াংয়ের পদত্যাগের আগে ওয়াল স্ট্রিটের কয়েকজন বিশ্লেষক সিএনবিসিকে বলেছিলেন, এনভিডিয়ার সাফল্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তার বিদায়ে কোম্পানিটির শেয়ারের দাম ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে। এরই মধ্যে গত এক মাসে এনভিডিয়ার শেয়ারের দাম ২০ শতাংশের বেশি কমেছে।

বৃহস্পতিবার বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান বার্নস্টেইন এনভিডিয়ার শেয়ারের জন্য নির্ধারিত মূল্যলক্ষ্যমাত্রা অর্ধেক কমিয়ে ৪০০ ডলার থেকে ২০০ ডলার করেছে।

একই দিনে সিএনবিসির ‘স্কোয়াক বক্স এশিয়া’ অনুষ্ঠানে বার্নস্টেইনের জ্যেষ্ঠ বিশ্লেষক স্টেসি রাসগন বলেন, হুয়াংয়ের বিরুদ্ধে নিজের অধীনস্থ এক কর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠায় পরিচালনা পর্ষদের জন্য তাকে পদে বহাল রাখা অনেক কঠিন হয়ে পড়েছে।

১৯৯৩ সালে সহপ্রতিষ্ঠাতা হিসেবে এনভিডিয়ার যাত্রা শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হুয়াং। তার নেতৃত্বেই গেমিং হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বৈশ্বিক উত্থানের কেন্দ্রীয় প্রতিষ্ঠানে পরিণত হয় এনভিডিয়া। কোম্পানিটির এই রূপান্তরে তার দূরদর্শী সিদ্ধান্তগুলো বড় ভূমিকা রেখেছে।

তবে হুয়াংয়ের পর কে এনভিডিয়াকে নেতৃত্ব দেবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। স্টেসি রাসগন বলেন, ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দূরদর্শী নেতৃত্ব কে দিতে পারবেন, তা এখনও স্পষ্ট নয়।

তিনি বলেন, ‘জেনসেনই তো এনভিডিয়া। তিনিই দূরদর্শী নেতা। আজ কোম্পানিটি যে অবস্থানে রয়েছে, তার কারণ ১০ বছর আগে নেওয়া তার সিদ্ধান্তগুলো। আগামী ১০ বছরের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যক্তি কে হবেন, তা আমি স্বতঃস্ফূর্তভাবে বলতে পারছি না।’

এর আগে হুয়াংয়ের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতা। এতে এনভিডিয়ার প্রধান নির্বাহী ও কোম্পানিটির ওপর চাপ আরও বেড়েছিল।

কোয়েস্টার ক্যাপিটাল পার্টনার্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিচার্ড রেইল বলেন, এনভিডিয়ার কোনো সুস্পষ্ট উত্তরসূরি পরিকল্পনা না থাকায় কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের ঝুঁকি বেড়েছে। তার মতে, পরিচালনা পর্ষদের সামনে এখন দুটি কঠিন বিকল্প রয়েছে।

সিএনবিসির ‘অ্যাকসেস মিডল ইস্ট’ অনুষ্ঠানে রেইল বলেন, ‘এনভিডিয়ার হাতে এখনও এমন কাউকে প্রস্তুত অবস্থায় পাওয়া যাচ্ছে না। ফলে হয় জেনসেনকে পদে রেখে কয়েক মাস ধরে কংগ্রেসের বিভিন্ন কমিটির সামনে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে; নয়তো তাকে ছাড়াই সামনে এগোতে হবে। দ্বিতীয় সিদ্ধান্তটিও শেয়ারটির বিনিয়োগযোগ্যতা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি করবে।’

তিনি আরও বলেন, এতে পুরো এআই খাতে বিনিয়োগের সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না; তবে এনভিডিয়ার শেয়ার বিনিয়োগকারীদের কাছে আকর্ষণ হারাতে পারে।

/এনএ 

Logo