ইতালির প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেইল, শিক্ষামন্ত্রীর দাবি ‘সাইবার হামলা’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
ইতালির প্রায় ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। দেশটির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা এটিকে বাস্তব কোনো ঝুঁকি নয়, বরং একটি ‘সাইবার হামলা’ হিসেবে অভিহিত করেছেন। খবর বিবিসির।
বুধবার (১১ নভেম্বর) ইতালীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি জানান, ইতালি ছাড়াও ইউরোপের অন্যান্য দেশে ফ্লাইট, সুপারমার্কেট ও হাসপাতালে একই ধরনের হুমকির পেছনে একটি সুনির্দিষ্ট কৌশল রয়েছে।
রোম ও নেপলসের পাশাপাশি ভিসেনজা, ফ্লোরেন্স, পিসা ও ট্রিয়েস্টসহ ইতালির বিভিন্ন শহরের স্কুলে একই ধরনের ই-মেইল পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে বেশ কিছু ভবন তাৎক্ষণিকভাবে খালি করা হয়।
পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শীর্ষ মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বোমা হামলার হুমকির খবর সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত কোনো ‘বাস্তব বিপদের’ প্রমাণ পাওয়া যায়নি। তার মতে, এসব হুমকি মূলত আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টির উদ্দেশ্যে চালানো একটি কৌশলের অংশ।
এর আগে, গত সপ্তাহে ইতালির বিমানবন্দর ও ইউরোপের বিভিন্ন দেশের বিমান সংস্থা একই ধরনের ভুয়া বোমা হামলার হুমকি পেয়েছিল। এর ফলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিমান চলাচল বিঘ্নিত হয়। একটি চরমপন্থি নারীদ্বেষী গোষ্ঠী প্রথমে এসব হুমকির দায় স্বীকার করলেও পরে মিথ্যা সতর্কবার্তাগুলোর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে।
ইতালীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে ২৮০ জনের বেশি স্কুলপ্রধান এ ধরনের হুমকি পেয়েছেন। বুধবার বিভিন্ন অঞ্চলের প্রতিবেদনে জানা গেছে, অনেক স্কুলে প্রথমে সতর্কতা হিসেবে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হলেও দ্রুতই সতর্কতা প্রত্যাহার করা হয় এবং শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।
ইতালির মধ্যাঞ্চলীয় উমব্রিয়া অঞ্চলের প্রধান স্তেফেনিয়া প্রওইত্তি এক বিবৃতিতে জানান, উমব্রিয়ার স্কুলগুলোতে এখন পর্যন্ত পরিচালিত তল্লাশিতে কোনো বিস্ফোরক বা বিপদের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রতিটি হুমকি নিবিড়ভাবে যাচাই করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততার সঙ্গে কাজ করছে।
এদিকে, পৃথক ঘটনায় উত্তর আয়ারল্যান্ডের তিন শতাধিক স্কুল এবং স্কটল্যান্ডের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের ই-মেইল পাঠানো হয়েছে। পুলিশ এগুলোকে সম্পূর্ণ ‘ভুয়া হুমকি’ হিসেবে দেখছে। তবে এসব ঘটনার সঙ্গে ইউরোপের অন্যান্য ঘটনার কোনো সংযোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
/এনএ