নিউইয়র্ক টাইমস
ইরানের হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
ইরানের হুমকির কারণে নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট— এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, ইরানের পক্ষ থেকে জীবননাশের হুমকির মুখে বেসেন্ট তার বাসা ছেড়ে সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন।
এতে বলা হয়, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের পরিকল্পিত হামলার হুমকি আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। বেসেন্টকে ঘিরে পাওয়া গোয়েন্দা তথ্যও তাদের এই মূল্যায়নের অন্যতম ভিত্তি।
এদিকে, নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে বেসেন্ট দমে যাবেন না।’
পরবর্তীতে পরে রয়টার্সও দুটি সূত্রে তা নিশ্চিত করেছে। রয়টার্স জানায়, ইরান মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা জোরদার করেছে- ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা গত মাসের শেষ দিকে একটি নথিতে এমন সতর্কবার্তা দিয়েছেন।
মূলত, আগস্ট থেকে তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। হুমকি কতটা গুরুতর, তা স্পষ্ট নয়। যদিও ইরান বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচারণার অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন বেসেন্ট।
/এমএইচআর