×
Logo

আন্তর্জাতিক

বাজি ফোটানো নিয়ে বিবাদে গুলিবিদ্ধ ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫০ এএম

বাজি ফোটানো নিয়ে বিবাদে গুলিবিদ্ধ ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী

ভারতের উত্তরপ্রদেশে দিওয়ালির রাতে বাজি ফোটানো নিয়ে বিবাদে গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মরের এক দেহরক্ষী। বুধবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর ঘটনার কথা সামনে এসেছে। খবর এনডিটিভির।

গুলিবিদ্ধ ওই সেনা সদস্যের নাম সৌরভ তোমার (২৬), যিনি ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর একজন জওয়ান। বর্তমানে তিনি মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা বেশ আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয়রা জানান, দিওয়ালির রাতে, সৌরভ ও তার ভাইয়েরা বাড়ির বাইরে বাজি পোড়াচ্ছিলেন। সেসময় ধীরাজ ও তার ভাই মনু নামের স্থানীয় দুই যুবকের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে, এই মৌখিক বিবাদ চরম সহিংসতায় রূপ নিলে ধীরাজ একটি দেশি পিস্তল বের করে গুলি চালায়। একটি গুলি প্রথমে দেয়ালে লেগে ছিটকে এসে সৌরভের কানের ঠিক পেছনে মাথায় বিদ্ধ হয়।

গুলিবিদ্ধ হয়ে সৌরভ মাটিতে লুটিয়ে পড়ার পরপরই উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন দ্রুত পালিয়ে যায় এবং অভিযুক্তরাও গা ঢাকা দেয়।

২০২১ সালে, সেনাবাহিনীতে যোগ দেওয়া, সৌরভ, মূলত, ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে পুরোনো অশ্বারোহী রেজিমেন্টের সদস্য। পরিবার ও স্বজনদের সঙ্গে দিওয়ালির ছুটি কাটাতে তিনি উত্তরপ্রদেশের বাগপত জেলায় নিজের গ্রামের বাড়িতে এসেছিলেন।

হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে মাথা থেকে গুলিটি বের করতে সক্ষম হলেও তিনি এখন আইসিইউতে রয়েছেন। এ ঘটনায় সৌরভের বাবার অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করে পলাতক অভিযুক্তদের খুঁজছে পুলিশ।

/এসএম/এআই 

Logo