ট্রাম্পের ২৫০ ফুট উচ্চতার স্মৃতিস্তম্ভ নির্মাণ বন্ধে মামলা কেনেডি পরিবারের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৪ এএম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত ২৫০ ফুট উচ্চতার বিশাল স্মৃতিস্তম্ভ নির্মাণ বন্ধের দাবিতে মামলা করেছে দেশটির প্রভাবশালী রাজনৈতিক পরিবার কেনেডির সদস্যরা।
তাদের অভিযোগ, এই স্থাপনা নির্মিত হলে আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে সমাহিত কেনেডি পরিবারের সদস্যদের সমাধি ও স্মৃতিসৌধের দৃশ্যমানতা বাধাগ্রস্ত হবে। একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের অসংখ্য বীর সেনাসদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর ঐতিহাসিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে কেনেডি পরিবারের ৯ সদস্য এ সংক্রান্ত আবেদন জমা দেন। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আগে থেকেই চলমান একটি মামলায় যুক্ত হলেন তারা। এর আগে, গত মাসে, ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়া কর্তৃপক্ষও প্রস্তাবিত তোরণ নির্মাণ বন্ধের দাবিতে মামলা করেছিল।
আদালতে জমা দেওয়া আবেদনে কেনেডি পরিবারের সদস্যরা অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেআইনিভাবে একটি বিশাল স্মৃতিস্তম্ভ নির্মাণের চেষ্টা করছেন।
কেনেডি পরিবারের দাবি, স্মৃতিস্তম্ভের নকশা ও অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে আর্লিংটন মেমোরিয়াল ব্রিজ থেকে তাকালে পরিবারের সদস্যদের সমাধিগুলো স্পষ্টভাবে দেখা যাবে না। বিশেষকরে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন. এফ. কেনেডির সমাধিস্থলে থাকা ‘ইটারনাল ফ্লেম’-এর দৃশ্যমানতা বাধাগ্রস্ত হবে। এতে সমাধিস্থলটির নকশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কার্যত নষ্ট হয়ে যাবে বলে মনে করছেন তারা।
এই মামলায় বাদীদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন. এফ. কেনেডির দুই ভাই: সিনেটর রবার্ট. এফ. কেনেডি ও সিনেটর এডওয়ার্ড. এম. কেনেডির সন্তান ও নাতি-নাতনিরা। আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে সমাহিত কেনেডি পরিবারের ছয় সদস্যের মধ্যে রয়েছেন জন. এফ. কেনেডি, তার স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি ওনাসিস, রবার্ট. এফ. কেনেডি ও তার স্ত্রী এথেল কেনেডি, এডওয়ার্ড. এম. কেনেডি এবং লেফটেন্যান্ট জোসেফ পি কেনেডি জুনিয়র।
পরিবারটির আইনজীবীদের যুক্তি, স্বজনদের সমাধিস্থলের মর্যাদা ও ঐতিহাসিক বৈশিষ্ট্য রক্ষার স্বার্থে এ ধরনের স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে। অতীতেও আদালত বিভিন্ন মামলায় মৃত স্বজনদের সমাধিস্থল সংরক্ষণে পরিবারের সদস্যদের স্বার্থ-অধিকারকে স্বীকৃতি দিয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
/এআই