×
Logo

আন্তর্জাতিক

আপাতত অভিশংসন থেকে রক্ষা পেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫০ এএম

আপাতত অভিশংসন থেকে রক্ষা পেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

ইরানে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই, সামরিক অভিযান পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আপাতত আটকে গেছে। মার্কিন প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবটি সরাসরি নাকচ 'না' করে একটি কমিটিতে পাঠানোর পক্ষে ভোট দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। এর মধ্য দিয়ে রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসির আনা অভিশংসন উদ্যোগ কার্যত থেমে গেছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) প্রতিনিধি পরিষদে, ২১১-২০৪ ভোটে, প্রস্তাবটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রস্তাবটির পক্ষে ভোট দেননি কেনটাকির রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। তিনিই একমাত্র রিপাবলিকান সদস্য, যিনি প্রস্তাবটি কমিটিতে পাঠানোর বিরোধিতা করেন। ভোটে ১১ জন ডেমোক্র্যাটসহ এক ডজনের বেশি সদস্য অনুপস্থিত ছিলেন।

প্রস্তাবটি কমিটিতে পাঠানোর ফলে হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা আপাতত কার্যত শেষ হয়ে গেছে। কারণ, আগামী জানুয়ারিতে, নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার আগে বর্তমান কংগ্রেসের মেয়াদে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সময় খুবই সীমিত। আগামী বছরের জানুয়ারিতে, ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।

এর আগে, দিনের শুরুতেই প্রতিনিধি পরিষদের স্পিকার ও রিপাবলিকান নেতা মাইক জনসন এই অভিশংসন উদ্যোগ ব্যর্থ হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন।

অন্যদিকে, ছয় মাস পর, প্রথমবারের মতো পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ ও ‘নাশকতা’ বলে আখ্যা দিয়েছেন পিট হেগসেথ। দাবি, এ ধরনের উদ্যোগ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।

অভিশংসন প্রস্তাবটি আনার পেছনে ছিলেন রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি। সোমবার (৯ নভেম্বর), প্রতিনিধি পরিষদে আনুষ্ঠানিকভাবে উত্থাপিত আটটি অভিযোগপত্রে তিনি বলেন, আইন ভঙ্গের দায়ে হেগসেথকে জবাবদিহির আওতায় আনতে হবে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই ৯০ দিনের বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

প্রস্তাবে আরও অভিযোগ করা হয়, প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক বহনের সন্দেহে বিভিন্ন নৌযানে যুক্তরাষ্ট্রের পরিচালিত অভিযানে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ তদারক করেছেন হেগসেথ।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে হেগসেথ বলেন, ট্রাম্প প্রশাসনের এক বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের অসন্তোষ ও পরাজয় থেকে এই উদ্যোগের জন্ম হয়েছে। তার ভাষায়, এটি একটি 'পলিটিকাল শো-অফ' মাত্র।

পেন্টাগনের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ম্যাসির আনা প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের কাছে এমন বার্তা পৌঁছে দিচ্ছে যে, বৈধ সামরিক অভিযান সফলভাবে পরিচালনার জন্য দেশটি নিজেদের সেনাসদস্য ও বেসামরিক নেতৃত্বকেই শাস্তির মুখে ফেলতে পারে।

হেগসেথ বলেন, ‘এটি দেশপ্রেম নয়, এটি নাশকতা।’

সোমবার হোয়াইট হাউসের সংবাদ ব্রিফিং কক্ষে আকস্মিক উপস্থিত হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বাহিনীতে নিয়োগ বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছিলেন। 

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে হেগসেথও সেই বক্তব্যের পুনরাবৃত্তি করেন। তবে তার দাবি, ম্যাসির এই উদ্যোগের পেছনে মূলত নীতিগত মতপার্থক্য কাজ করছে; গুরুতর অপরাধ, অসদাচরণ, রাষ্ট্রদ্রোহ বা ঘুষের মতো কোনো অভিযোগ নয়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতারা অভিশংসনের যে বিধান তৈরি করেছিলেন, ম্যাসির অভিযোগগুলো তার আওতায় পড়ার মতো অপরাধ নয়।

অভিশংসন প্রস্তাবটি ব্যর্থ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, এই উদ্যোগ ‘শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে’। হেগসেথের প্রশংসা করে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা ও ইরানে যুক্তরাষ্ট্রের বিজয়, সামরিক বাহিনীতে ইতিহাসের সর্বোচ্চসংখ্যক নিয়োগ এবং সেনাসদস্যদের মধ্যে আগে কখনো না দেখা মনোবল, সবকিছুই একজন মহান মার্কিন দেশপ্রেমিককে অভিযোগ থেকে মুক্ত করেছে।

তবে ম্যাসি শুরু থেকেই স্বীকার করে আসছিলেন, তার আনা অভিশংসন প্রস্তাব তাৎক্ষণিকভাবে সফল হওয়ার সম্ভাবনা কম। তার যুক্তি ছিল, এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্পকে হেগসেথের পরিবর্তে অন্য কাউকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য চাপ দেওয়া সম্ভব হতে পারে। 

ডেমোক্র্যাটরা নিজস্ব উদ্যোগে অভিশংসন প্রক্রিয়া শুরু করার আগেই ট্রাম্পকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য করাই ছিল তার অন্যতম লক্ষ্য।

কেনটাকির এই আইনপ্রণেতার আরও যুক্তি ছিল, এখনই হেগসেথকে দায়িত্ব থেকে সরানো হলে রিপাবলিকানদের হাতে ক্ষমতা থাকা অবস্থায় সিনেটের মাধ্যমে নতুন প্রতিরক্ষামন্ত্রীর নিয়োগ অনুমোদনের সুযোগ তৈরি হবে।

তবে অভিশংসনসংক্রান্ত প্রস্তাবের ক্ষেত্রে কংগ্রেসের একটি অধিবেশনের মেয়াদ শেষ হলেও পরবর্তী অধিবেশনে তা নিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। ফলে আগামী বছর, ক্ষমতা গ্রহণের পর ডেমোক্র্যাটরা চাইলে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া আবারও সামনে আনতে পারবেন।

চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে, সাফল্যের পর, আগামী জানুয়ারিতে, কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। ফলে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন উদ্যোগ নতুন করে গতি পেতে পারে।

এদিকে, হেগসেথ আপাতত রাজনৈতিকভাবে টিকে গেলেও ট্রাম্প প্রশাসনে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের একাধিক আইনপ্রণেতা। এমনকি, রিপাবলিকান দলের কয়েকজন সদস্যও তার অবস্থান নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

মঙ্গলবার এ প্রসঙ্গে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ বলেন, তার ধারণা, পিট হেগসেথ হয়তো নিজেই পদত্যাগ করবেন, অথবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেবেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ও ওই সামরিক অভিযানের সমালোচনা করে আসছিলেন থমাস ম্যাসি। 

ট্রাম্পের সমর্থিত এক প্রতিদ্বন্দ্বীর কাছে এ বছরের নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়েও হেরে যান তিনি।

/এআই 

Logo