ইথিওপিয়া সীমান্তে সংঘর্ষের জেরে বাস্তুচ্যুত ৫০ হাজারের বেশি মানুষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
ইথিওপিয়ার সীমান্তবর্তী এলাকায় প্রাণঘাতী সংঘর্ষের জেরে বাড়িঘর ছেড়ে পালিয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী কেনিয়ায় আশ্রয় নিচ্ছেন তারা।
তবে সেখানে গিয়েও মিলছে না পর্যাপ্ত খাবার ও আশ্রয়। মানবিক সংকটের পাশাপাশি বাস্তুচ্যুত মানুষের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় বাসিন্দারাও।
ইথিওপিয়ার মোয়ালে এলাকা থেকে পালিয়ে আসা হাওয়া হাসান জানান, প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়ার সময় প্রায় সবকিছুই ফেলে আসতে হয়েছে তাকে। সংঘর্ষের সময় তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে সহিংসতার একটি ঘটনা এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, দেয়ালের পাশে বসে থাকা ১৩ বছর বয়সী এক কিশোরীকে গুলি করে হত্যা করা হয়।
হাসানের দাবি, ওই কিশোরী কোনো পতাকা স্পর্শও করেনি। বিতর্কিত সীমান্ত এলাকায় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনার প্রসঙ্গে তিনি এ ঘটনা উল্লেখ করেন। তবে কিশোরীকে হত্যার বিষয়ে তার দেওয়া বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইথিওপিয়া থেকে কেনিয়ায় পৌঁছানোর পথও ছিল অত্যন্ত দুর্বিষহ। আল জাজিরাকে হাওয়া হাসান জানান, পালিয়ে আসার পথে কয়েকজন নারী সন্তান জন্ম দিয়েছেন। অনেক পরিবারই খাবার, রান্নার সরঞ্জাম কিংবা বিছানাপত্র ছাড়াই কেনিয়ায় পৌঁছেছে। নবজাতকদেরও ঘুমাতে হচ্ছে খালি মেঝেতে।
এরই মধ্যে আশ্রয়শিবিরগুলোতে ডায়রিয়ার প্রকোপ ছড়িয়ে পড়ছে। অন্যদিকে, মশার সংখ্যা বেড়ে যাওয়ায় ম্যালেরিয়া সংক্রমণের আশঙ্কায় রয়েছেন আশ্রয় নেওয়া পরিবারগুলো।
সীমান্ত পেরিয়ে অনেকেই গুলির মুখ থেকে রক্ষা পেলেও এখন নতুন করে খাবার ও আশ্রয়ের সংকটে পড়েছেন।
অন্যদিকে, কেনিয়ার স্থানীয় সম্প্রদায়গুলোর ওপরও বাড়ছে চাপ। অনেক পরিবার নিজেদের ঘরে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দিয়েছে। এতে সীমিত খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ভাগাভাগি করে নিতে হচ্ছে তাদের। তবে সংঘর্ষ নিজেদের এলাকায় ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কাও করছেন কেউ কেউ।
কেনিয়া সরকারের নেতৃত্বে, গত ২৯-৩০ অক্টোবর, পরিচালিত এক মূল্যায়নে দেখা যায়, ২৪ অক্টোবর পর্যন্ত, সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩৫ হাজার ৯শ' ৫০ জন। তাদের মধ্যে প্রায় ২৫ হাজার মানুষ স্থানীয় পরিবারগুলোর সঙ্গে অবস্থান করছিলেন। আর প্রায় ১১ হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন অস্থায়ী বাস্তুচ্যুত শিবিরে।
তবে পরবর্তী সময়ে এ সংখ্যা আরও বেড়েছে। এক বৈঠকে কেনিয়া রেড ক্রসের আঞ্চলিক প্রধান মালিক আদান জানান, সংঘর্ষে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আনুমানিক ৩৬ হাজার থেকে বেড়ে ৫০ হাজার ছাড়িয়েছে।
এ হিসাবের মধ্যে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের পাশাপাশি আত্মীয়স্বজন ও স্থানীয় পরিবারগুলোর বাড়িতে আশ্রয় নেওয়া ব্যক্তিরাও রয়েছেন। তবে বাস্তুচ্যুত মানুষের প্রকৃত সংখ্যা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে চূড়ান্ত কোনো হিসাবও প্রকাশ করা হয়নি।
সরকারি ওই মূল্যায়নে ৭৫৮টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। এতে কেনিয়ার সরকারি কর্তৃপক্ষ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, কেনিয়া রেড ক্রস এবং অন্যান্য মানবিক সহায়তা সংস্থা অংশ নেয়। তবে বিভিন্ন সময়ে তথ্য সংগ্রহ করায় প্রতিবেদনগুলোতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যায় কিছুটা পার্থক্য রয়েছে।
উল্লেখ্য, ইথিওপিয়ার সংঘাতের মূলে রয়েছে দেশটির ওরোমিয়া ও সোমালি আঞ্চলিক প্রশাসনের মধ্যে ভূমি এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ।
গত ১৮ অক্টোবরের দিকে বিতর্কিত মোয়ালে এলাকায় সোমালি অঞ্চলের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়ে যায়। ওই এলাকায় ভূখণ্ড ও প্রশাসনিক কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির কারণে পরিস্থিতি সংঘাতের দিকে মোড় নেয়।
তবে সহিংসতার রাজনৈতিক কারণ নিয়ে ভাবার চেয়ে কেনিয়ায় আশ্রয় নেওয়া পরিবারগুলোর কাছে এখন সবচেয়ে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে দৈনন্দিন জীবনযাপন। কোথায় রাত কাটাবেন, সন্তানদের মুখে কী খাবার তুলে দেবেন, এমন মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতেই দিন কাটছে তাদের।
/এআই