কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের দাবি, সামরিকভাবে কার্যত শেষ ইরান যুদ্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সোমবার (৯ নভেম্বর) আকস্মিক এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
তবে যুদ্ধ বন্ধের বিষয়ে আশাবাদ জানালেও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে, তার সাম্প্রতিক বক্তব্যকে ‘ভুয়া খবর’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন ইরানি কর্মকর্তারা।
সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। তবে তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর পক্ষ থেকে সংঘাত বন্ধের চাপের মুখে রয়েছে ওয়াশিংটন।
ট্রাম্প বলেন, 'সামরিকভাবে ইরান যুদ্ধ কার্যত শেষ। আমরা এখনকার পরিস্থিতি বজায় রাখছি। মূলত, ইরানের প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই আমরা এমনটা করছি।'
এর আগে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।
বৈঠক শেষে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আলোচনায় অগ্রগতির কথা জানান কাতারের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, 'আমরা অঞ্চলটির পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে কথা বলেছি। একটি চুক্তিতে পৌঁছানো এবং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আলোচনা হওয়ায় আমি কৃতজ্ঞ।'
তবে যুদ্ধ পরিস্থিতি আপাতত অপরিবর্তিত রাখার অর্থ হিসেবে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখার কথা স্পষ্ট করেছেন ট্রাম্প। একই সঙ্গে স্থলপথ এবং কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধের লক্ষ্যে সম্প্রতি ঘোষিত ‘টাস্কফোর্স আয়রন গেট’ কার্যক্রমও চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, 'কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্য দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষেই রয়েছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের ইতিহাসে, এমনকি সম্ভবত বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় নৌ অবরোধ অব্যাহত রাখার বিষয়টিই তারা চায়।'
প্রয়োজনে আবারও সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, 'এই মুহূর্তে সামরিক পদক্ষেপ নেওয়া খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো কারণে ব্যবস্থা নিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।'
ট্রাম্পের দাবি, ইরানের সম্ভাব্য বিপদ ও হুমকি থেকে ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য এখন সুরক্ষিত। সংঘাতের অবসানের দিকেও অগ্রগতি হচ্ছে বলে মনে করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমি মনে করি, এই সংঘাতের অবসান খুব শিগগিরই হতে যাচ্ছে।'
এদিকে, ট্রাম্পের সর্বশেষ মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ইরানি কর্মকর্তারা। তাদের দাবি, যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনার কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে ওয়াশিংটন।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, 'ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। কিন্তু ওয়াশিংটন এখন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে।'
তিনি আরও লেখেন, 'কার্ড গুটিয়ে নিন। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর তৈরি করা বন্ধ করুন।'
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি বর্তমান পরিস্থিতির অবসান চান। তিনি চলমান অবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করেন।
/এআই