×
Logo

আন্তর্জাতিক

ইসরায়েলের পার্লামেন্টে নবনির্বাচিত ১২০ সদস্যের শপথ আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম

ইসরায়েলের পার্লামেন্টে নবনির্বাচিত ১২০ সদস্যের শপথ আজ

ফাইল ছবি

ইসরায়েলের পার্লামেন্টে নবনির্বাচিত ১২০ সদস্যের শপথ আজ। কিন্তু দেশটির সরকার গঠনের লড়াই আটকে গেছে এক জটিল রাজনৈতিক সমীকরণে। অচলাবস্থা নিরসনে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের সামনে খোলা রয়েছে একাধিক পথ। তবে প্রতিটিতেই রয়েছে রাজনৈতিক ঝুঁকি, এমন মত বিশ্লেষকদের। আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন, কট্টরপন্থি ইহুদিদের সঙ্গে সমঝোতা কিংবা প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের চেষ্টা। এরপরও সমাধান না এলে পুনর্নির্বাচন। শেষ পর্যন্ত কোন পথে হাঁটবেন আইজেনকট, এমন প্রশ্নও উঠেছে।

গত মাসে নির্বাচন শেষ হয়েছে, ফলও ঘোষণা হয়েছে। কিন্তু ক্ষমতার মসনদ এখনও ফাঁকা। কেননা পার্লামেন্টে নেই কারও একক সংখ্যাগরিষ্ঠতা। জোটের ভেতরেও মতবিরোধ। এমন পরিস্থিতিতে ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা কাটানোর দায়িত্ব পড়েছে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের কাঁধে।

সরকার গঠনের দায়িত্ব পেলেও পথ সহজ নয়। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ভিন্নমতের দলগুলোকে এক ছাতার নিচে আনা। আর এই সমীকরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব দলগুলোর সমর্থন।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজন ৬১ আসন। আইজেনকটের জোটের রয়েছে ৪৮টি। আরব দলগুলোর ১৯ আসন। তাদের সমর্থন পেলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হতে পারে। এরই মধ্যে আইজেনকটকে সমর্থনও দিয়েছে দলগুলো। কিন্তু তাদের সঙ্গে সরকার গঠনে আপত্তি রয়েছে জোটের গুরুত্বপূর্ণ দুই নেতা আভিগদর লিবারম্যান ও নাফতালি বেনেটের।

হিব্রু বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক গেইল তালশির বলেন, কাগজে-কলমে সরকার গঠনের হিসাব সহজ মনে হলেও বাস্তবে তা বেশ জটিল। কারণ, আইজেনকটের জোটের কয়েকটি দলের আপত্তি রয়েছে। বিশেষ করে লিবারম্যান ও বেনেট স্পষ্ট জানিয়েছেন, আরব দলগুলোকে সঙ্গে নিয়ে তারা সরকার গঠন করতে চান না।

ফলে আরব দলগুলোর সমর্থন নিলে জোটে ভাঙনের ঝুঁকি। আবার তাদের বাদ দিলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সংকট। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সমর্থন পেতে পারেন আইজেনকট। তবে সামরিক বাহিনীতে ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক যোগদান ইস্যুতে ছাড় দেওয়ার প্রশ্নে রয়েছে মতবিরোধ।

গেইল তালশির আরও বলেন, আইজেনকটের সামনে দুটি পথ। প্রথমত, কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোকে সরকারে আনার চেষ্টা করা। দ্বিতীয়ত, প্রথমে সংখ্যালঘু সরকার গঠন করে পরে সমর্থন বাড়ানো। তবে দুটি পথই ঝুঁকিপূর্ণ।

আইজেনকট ব্যর্থ হলে আবারও সরকার গঠনের সুযোগ পেতে পারেন নেতানিয়াহু। তবে তার জোটের আসনও মাত্র ৫৩টি। দুই পক্ষই ব্যর্থ হলে সামনে আসতে পারে নতুন নির্বাচন। আইজেনকটের হাতে সময় সর্বোচ্চ ৪২ দিন। এই সময়ের মধ্যেই নির্ধারিত হবে, ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা কাটবে, নাকি আরও দীর্ঘ হবে।

/এসআইএন


Logo