সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম
ইউরোপে যাওয়ার পথে সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।
সোমবার (৯ নভেম্বর) সরকারি সূত্রের বরাত দিয়ে সেনেগাল প্রেস এজেন্সি (এপিএস) এ তথ্য জানিয়েছে।
সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে, এখনও কতজন নিখোঁজ রয়েছেন, তা জানা যায়নি।
রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় শহর সেন্ট-লুইসের মধ্যবর্তী সমুদ্রে কাঠের তৈরি ছোট নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে থাকা অভিবাসীরা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করছিলেন।
সেনেগালের অভিবাসীদের সহায়তাকারী সংগঠন বোজা ফি-এর প্রতিষ্ঠাতা সালিউ দিয়ুফ বার্তা সংস্থা এএফপিকে জানান, এখন পর্যন্ত উদ্ধার হওয়া সব মরদেহই সেনেগালের নাগরিকদের। তবে, নৌকায় থাকা অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিয়োমায়ে ফায়ে। একই সঙ্গে বিপজ্জনক সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যারা এসব বিপজ্জনক যাত্রার আয়োজন করে, তাদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি, তরুণদের নিজ দেশেই কাজের সুযোগ তৈরির চেষ্টা চালানো হবে।
স্পেনের অভিবাসী অধিকার সংগঠন ওয়াকিং বর্ডার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত আটলান্টিক পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। সংগঠনটির পর্যবেক্ষণ করা অভিবাসন পথগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ প্রাণহানি।
সংগঠনটির হিসাব বলছে, সমুদ্রপথে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত শুক্রবার স্পেনে যাওয়ার চেষ্টাকালে ১৪২ জন অভিবাসীবাহী আরেকটি নৌকা আটক করে সেনেগালের কর্তৃপক্ষ। ওই নৌকায় ২৩ জন নারী, দুটি শিশু এবং আরও দুটি ছোট শিশু ছিল। যাত্রীদের মধ্যে সেনেগাল, গাম্বিয়া, গিনি-বিসাউ, গিনি ও নাইজেরিয়ার নাগরিক ছিলেন।
অন্যদিকে, অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় শনিবার স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী দ্বীপটিতে পৌঁছেছেন।
পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান পথ হয়ে উঠেছে ক্যানারি দ্বীপপুঞ্জ। ইউরোপের দেশগুলো ও উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার হওয়ায় কিছু অভিবাসী আগের পথ ছেড়ে এই পথে যাত্রা করছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, সেনেগালে কাজের সুযোগ কম, পারিবারিক চাপ এবং অভিবাসনের পরিচিত নেটওয়ার্কের কারণে অনেকে দেশ ছাড়ছেন। বিদেশে বেশি আয়ের আশায় অনেক তরুণ জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় সমুদ্র পাড়ি দিচ্ছেন।
/এএন