×
Logo

আন্তর্জাতিক

ভুলে সাগরে পড়ে গেলেন ক্রুজশিপ পিয়ানিস্ট, প্রশান্ত মহাসাগরে ৯ ঘণ্টা ভেসে থাকার পর উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম

ভুলে সাগরে পড়ে গেলেন ক্রুজশিপ পিয়ানিস্ট, প্রশান্ত মহাসাগরে ৯ ঘণ্টা ভেসে থাকার পর উদ্ধার

প্রশান্ত মহাসাগরের উত্তাল জলরাশিতে প্রায় ৯ ঘণ্টা ভেসে থাকার পর প্রাণে বেঁচে ফিরেছেন একটি প্রমোদতরির (ক্রুজ শিপ) পিয়ানোবাদক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল থেকে প্রায় ২০ মাইল বা ৩২ কিলোমিটার দূরে সাগরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করেন দুই জেলে। 

শুক্রবার (৬ নভেম্বর) ক্যাটালিনা দ্বীপের কাছাকাছি এ ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

বিবিসি জানিয়েছে, উদ্ধার হওয়া ওই ব্যক্তি রয়্যাল ক্যারিবিয়ান প্রতিষ্ঠানের একটি ক্রুজ জাহাজের কর্মী। তার নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৯ ঘণ্টা আগে জাহাজ থেকে সাগরে পড়ে গিয়েছিলেন তিনি।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুই জেলে গ্র্যান্ট গ্যারেট ও শন নর্টন জানান, শুক্রবার সাগরে মাছ ধরার সময় হঠাৎ পানির মধ্যে একজন মানুষকে হাত-পা ছুড়ে ভেসে থাকতে দেখেন তারা। বিষয়টি বুঝতে পেরে দ্রুত নৌকার গতি কমিয়ে মাছ ধরার সরঞ্জাম গুটিয়ে তাকে উদ্ধারের উদ্যোগ নেন।

উদ্ধারের পর ওই ব্যক্তি নিজেকে ১৪ ডেকবিশিষ্ট ‘ওভেশন অব দ্য সিজ’ নামের একটি ক্রুজ জাহাজের পিয়ানোবাদক হিসেবে পরিচয় দেন। 

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, পানিতে একজন মানুষ বিপদে পড়েছেন, এমন খবর পেয়ে তারা ঘটনাটি সম্পর্কে জানতে পারে। তবে এর আগেই এক সহৃদয় ব্যক্তি তাকে পানি থেকে উদ্ধার করেন। পরে তাকে নিউপোর্ট বিচের লাইফগার্ডদের কাছে হস্তান্তর করা হয়।

লাইফগার্ড কর্মকর্তারা নিশ্চিত করেন, উদ্ধার হওয়া ব্যক্তি ‘ওভেশন অব দ্য সিজ’ ক্রুজ জাহাজের কর্মী।

/এআই 

Logo