×
Logo

আন্তর্জাতিক

হুতিদের সহায়তায় ইরান-হিজবুল্লাহর ২১ সামরিক বিশেষজ্ঞ পাঠানোর অভিযোগ ইয়েমেনের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

হুতিদের সহায়তায় ইরান-হিজবুল্লাহর ২১ সামরিক বিশেষজ্ঞ পাঠানোর অভিযোগ ইয়েমেনের

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের সহায়তায় নিজেদের সামরিক বিশেষজ্ঞ মোতায়েন করেছে ইরান-লেবাননের দু'টি সশস্ত্র গোষ্ঠী। মঙ্গলবার (৩ নভেম্বর), ইয়েমেন সরকার, আইআরজিসি ও হিজবুল্লাহর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেছে। খবর দ্য জেরুজালেম পোস্টের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, হুতিদের সাহায্যার্থে, দেশটিতে মোট ২১ জন বিদেশি সামরিক বিশেষজ্ঞ কাজ করছেন। এর মধ্যে ইরানের আইআরজিসির ১৪ জন সদস্য এবং লেবাননের হিজবুল্লাহর ৭ জন কর্মকর্তা রয়েছেন।

ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম হাইদান এই অভিযোগের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, এই বিদেশি সামরিক বিশেষজ্ঞরা বর্তমানে ইয়েমেনের ছয়টি ভিন্ন ভিন্ন প্রদেশে অবস্থান করে তাদের কার্যক্রম চালাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, এই ২১ জন বিশেষজ্ঞ, হোদেইদাহ, সানা, সাদা, হাজ্জাহ, আমরান এবং আল-খাওখাহ প্রদেশে নিজেদের ঘাঁটি গেড়েছেন। সেখান থেকেই তারা সরাসরি সামরিক অভিযানের পরিকল্পনা ও অত্যাধুনিক অস্ত্র তৈরির সাথে নিবিড়ভাবে জড়িত রয়েছেন।

এই বিশেষজ্ঞদের প্রত্যেকেই আধুনিক সামরিক প্রযুক্তিতে বিশেষভাবে পারদর্শী। তাদের মূল কাজের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা।

পাশাপাশি, সামরিক সরবরাহ নেটওয়ার্ক তৈরি ও অস্ত্রের যন্ত্রাংশ চোরাচালানের কাজও তারা তদারকি করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হাইদান আরও অভিযোগ করেন, এই বিশেষজ্ঞরা মূলত বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু নির্ধারণ এবং সামুদ্রিক অভিযানের সমন্বয় করছেন।

এছাড়া বিস্ফোরক বোট ও স্বয়ংক্রিয় সাবমেরিন তৈরির পাশাপাশি মাইন স্থাপন এবং শহুরে যুদ্ধের সামরিক কৌশল নিয়ে তারা হুতি যোদ্ধাদের নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন।

/এসএম/এআই 

Logo