×
Logo

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:১২ এএম

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩

ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম সাবা। শনিবার (৭ নভেম্বর) চালানো এই হামলাকে জুলাইয়ে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে। খবর, রয়টার্সের। 

হুতিদের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, সানার পূর্বাঞ্চলে হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বানি হুশাইশ শহরের কয়েকটি আবাসিক বাড়িতে হামলা চালানো হয়। এতে নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

সানার সেহাতুনা হাসপাতালের পরিচালক আব্দুল-আজিজ আল-দাইলামি জানান, হামলায় ধ্বংসস্তূপের নিচে প্রথম সাড়াদানকারী কর্মীসহ অনেকেই আটকা পড়ে আছেন। উদ্ধারকর্মীরা পৌঁছানো মাত্রই সেখানে আবারও বিমান হামলা চালানো হচ্ছে, যাতে তাদের বেশ কয়েকজন চিকিৎসাকর্মীও প্রাণ হারিয়েছেন।

হাসপাতালে আসা আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে উল্লেখ করেন আল-দাইলামি। তিনি জানান, আহতদের মাথা, বুক ও পায়ে গুরুতর জখমের পাশাপাশি শরীরের বিভিন্ন হাড় ভেঙে যাওয়ার ঘটনা রয়েছে।

এখন পর্যন্ত এই হামলায় হতাহতের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করছে। 

উল্লেখ্য, সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে কার্যত ভেঙে দিয়েছে। ওই সমঝোতার ফলে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে হামলা-পাল্টা হামলা অনেকটাই বন্ধ হয়েছিল। ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুতিরা নতুন করে সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইয়েমেনে নিজেদের মিত্রদের সমর্থনে বিমান হামলা চালিয়েছে রিয়াদ।

বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবেও ইয়েমেনে লড়াই নতুন করে তীব্র হয়েছে। এর ফলে দেশটিতে প্রায় ১২ বছর ধরে চলা জটিল যুদ্ধ আবারও ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘ এই সংঘাতে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে এবং আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশটি কার্যত বিভিন্ন পক্ষের নিয়ন্ত্রণে বিভক্ত হয়ে পড়েছে।

আর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) অক্টোবরে জানিয়েছে, নতুন করে সংঘাত শুরুর পর ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। 

/এসএম/এনএ 

Logo