জন্মদিনে অভিষেক ব্যানার্জির বাড়িতে হামলার অভিযোগ, অস্বীকার বিজেপির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম
আবারও হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি। শনিবার (৭ নভেম্বর) ভোরে কলকাতার কালীঘাটে তার বাড়িতে একদল দুষ্কৃতকারী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় বিজেপির কর্মীদের দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন অভিষেক।
পোস্টে তিনি জানান, টানা দুই দিন নজরদারির পর রাত ২টার দিকে তার বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে সেটি দেখার আহ্বানও জানান তিনি। অভিষেক লেখেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গেই যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তার অবস্থা কী, তা সহজেই অনুমেয়।
গত ছয় মাসে এটি তার ওপর সপ্তমবারের মতো প্রাণনাশের চেষ্টা বলেও দাবি করেন তৃণমূলের এই নেতা। তার অভিযোগ, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কোনো পদক্ষেপ নেই, বিচার বিভাগেরও কোনো হস্তক্ষেপ দেখা যাচ্ছে না। বিচার বিভাগ চোখ বন্ধ করে থাকায় রাজ্যজুড়ে দুষ্কৃতকারীরা তাণ্ডব চালানোর সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিচার বিভাগের উদ্দেশে কটাক্ষ করে অভিষেক লেখেন, ‘বিচারপতি মহোদয়গণ, নীরব দর্শক হয়ে থাকার জন্য আপনাদের ধন্যবাদ!’
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে অভিষেক ব্যানার্জির জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে অনুসারীরা কালীঘাটের বাড়ির সামনে জড়ো হন। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন বিজেপি কর্মী ‘চোর’ স্লোগান দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে বাড়ির বাইরে এসে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন অভিষেক। এ সময় তিনি অভিযোগ করেন, হামলা চালিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদেরও বিজেপি কর্মীরা মারধর করেছেন বলে দাবি করেন তিনি।
তবে, অভিষেকের এই অভিযোগগুলোকে 'মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা' বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই প্রথম দেখলাম কোনো রাজনীতিকের জন্মদিন ফুটপাতে পালন করা হচ্ছে। কেউ যদি অশান্তির চেষ্টা করে, তবে তার পাল্টা প্রতিক্রিয়া তো হবেই। তাছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারার সময় কার আছে? ওদের আর কিছু বলার বা করার নেই, তাই এই ইস্যু তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
/এসএম/এনএ