×
Logo

আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসের দুই কক্ষের আসন পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম

মার্কিন কংগ্রেসের দুই কক্ষের আসন পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই (হাউস-সিনেট) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিরোধীদল ডেমোক্র্যাট। বুধবার (৪ নভেম্বর) ঐতিহাসিক এই জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে । খবর সিএনএনের।

এই নির্বাচনে টেক্সাস-কানসাস-সাউথ ক্যারোলিনার মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও ডেমোক্র্যাটরা জয় পেয়েছে। কানসাসে ১৯৩২ সালের পর এবং টেক্সাসে ১৯৯৪ সালের পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হলেন।

মূলত মূল্যস্ফীতি, ট্রাম্পের শুল্ক নীতি এবং ইরান যুদ্ধের জেরে ভোটাররা রিপাবলিকানদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সিএনএনের এক জরিপে দেখা গেছে, শতকরা ৬০ ভাগের বেশি ভোটার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্র্যাটদের জয় প্রত্যাশিত থাকলেও, সিনেটে তাদের এই অর্জন ছিল বেশ চমকপ্রদ। কারণ সিনেটের নিয়ন্ত্রণ নিতে তাদের ওহাইও, আইওয়া এবং সাউথ ক্যারোলিনার মতো কঠিন আসনগুলোতে জয় পেতে হত।

কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ার ফলে ডেমোক্র্যাটরা এখন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যেকোনো তদন্ত পরিচালনার আইনি ক্ষমতা পাবে। এছাড়া তারা চাইলে ট্রাম্পের বিচার বিভাগীয় এবং সুপ্রিম কোর্টের নিয়োগ প্রক্রিয়াও আটকে দিতে পারবে।

/এসএম/এআই

Logo