×
Logo

আন্তর্জাতিক

নির্বাচনে হতাশ স্পিকার মাইক জনসন, ২০২৮ সালে প্রতিনিধি পরিষদ পুনর্দখলের প্রত্যয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

নির্বাচনে হতাশ স্পিকার মাইক জনসন, ২০২৮ সালে প্রতিনিধি পরিষদ পুনর্দখলের প্রত্যয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফলে হতাশা প্রকাশ করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। তবে ২০২৮ সালের নির্বাচনে আবারও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।

লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভপোর্টে একটি নির্বাচনী ফলাফল পর্যবেক্ষণ অনুষ্ঠানে জনসন বলেন, রিপাবলিকানদের জন্য রাতটি কঠিন হয়ে উঠেছে। নির্বাচনের ফল নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি।’

২০২৮ সালের নির্বাচনের কথা উল্লেখ করে জনসন বলেন, ‘আমরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনব এবং আমাদের কাজ শেষ করবো।’

রিপাবলিকানদের এই পরিস্থিতির পেছনে ঐতিহাসিক নির্বাচনী প্রবণতাকেও দায়ী করেন তিনি। জনসনের ভাষ্য, নির্বাচনের শুরু থেকেই তারা জানতেন, প্রতিনিধি পরিষদে, সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হলে শত বছরেরও বেশি সময়ের মধ্যবর্তী নির্বাচনের ইতিহাসকে অতিক্রম করতে হবে।

তিনি বলেন, গত ৯০ বছরে মাত্র দু'বার এমন হয়েছে, যখন দায়িত্বে থাকা কোনো প্রেসিডেন্টের দল, প্রথম দুই বছরের মধ্যবর্তী নির্বাচনে, প্রতিনিধি পরিষদে আসন বাড়াতে পেরেছে কিংবা নিজেদের আসন ধরে রাখতে সক্ষম হয়েছে। এর পেছনে নানা কারণ রয়েছে উল্লেখ করে জনসন বলেন, এমন পরিস্থিতি মোকাবিলা করা অত্যন্ত কঠিন। এবারও সম্ভবত ইতিহাসের সেই ধারাই বজায় থাকছে।

তবে নির্বাচনের ফলাফল পুরোপুরি স্পষ্ট হতে আরও সময় লাগবে বলে মন্তব্য করেন প্রতিনিধি পরিষদের স্পিকার। 

তিনি বলেন, পশ্চিমাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে তখনও ভোটগ্রহণ শেষ হয়নি। ফলে রাতটি দীর্ঘ হতে পারে।

নিজেদের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণকেন্দ্রের সঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণকক্ষ ‘সিচুয়েশন রুম’-এর তুলনা করে জনসন বলেন, তারা প্রতিটি আসনের ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

চূড়ান্ত ফলাফল জানা গেলে মধ্যবর্তী নির্বাচন নিয়ে আগামী কয়েক দিনে আরও বিস্তারিত বক্তব্য দেবেন বলেও জানান তিনি।

/এআই 

Logo