প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিলে রুশ তেল শোধনাগারে হামলা বন্ধের প্রস্তাব জেলেনস্কির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:১১ পিএম
রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।
তার প্রস্তাব, ওয়াশিংটন, যদি এক মাসের জন্য কিয়েভকে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে একই সময়ের জন্য রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ রাখবে ইউক্রেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম দাবি ছিল, রাশিয়া ও ইউক্রেন যেন পরস্পরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করে।
রোববার (১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, এ বিষয়ে ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার হামলার জবাব না দিয়ে চুপ করে থাকা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
জেলেনস্কি বলেন, রাশিয়া যখন ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামো, তেল শোধনাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে এবং ইউক্রেনের মানুষকে হত্যা করছে, তখন পাল্টা জবাব দেওয়ার অধিকার কিয়েভের রয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি চায় ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ রাখুক, তাহলে মস্কোকেও ইউক্রেনের জ্বালানি ব্যবস্থায় হামলা বন্ধ করতে হবে।
এক্ষেত্রে বিকল্প প্রস্তাবও দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার ভাষায়, যুক্তরাষ্ট্র চাইলে কিয়েভকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে পারে। সেগুলোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতেও প্রস্তুত ইউক্রেন; শুধু সহায়তা হিসেবে ক্ষেপণাস্ত্র চাচ্ছে না তারা।
প্রস্তাবটি ট্রাম্পকে চাপের মুখে ফেলার কৌশল কি না, ফক্স নিউজের উপস্থাপক ট্রে ইংস্টের এমন প্রশ্নে জেলেনস্কি বলেন, অংশীদারদের কাছে সত্য তুলে ধরতে তার কোনো উদ্বেগ নেই।
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইউক্রেনের হাতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাব্যবস্থাগুলোর একটি প্যাট্রিয়ট। কয়েক সপ্তাহ ধরেই এসব ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসার বিষয়ে সতর্ক করে আসছে ইউক্রেনের কর্তৃপক্ষ।
গত শুক্রবার (৩০ অক্টোবর) ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। তবে জেলেনস্কির আশঙ্কা, অনুমোদন দেওয়া হলেও এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে কয়েক বছর লেগে যেতে পারে।
এর আগে, গত সপ্তাহে, জেলেনস্কি প্রস্তাব দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্ররা নিজেদের মজুত থেকে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিতে পারে। শুক্রবার অনুমোদিত নতুন ক্রয়ের মাধ্যমে পরে মিত্রদের সেই মজুত পূরণ করা যাবে।
এদিকে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে দীর্ঘ সময়ের যুদ্ধবিরতির অবসান হয়েছে রোববার। তবে ওই যুদ্ধবিরতি কেবল পূর্বাঞ্চলীয় খেরসন অঞ্চলে সীমাবদ্ধ ছিল। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
অন্যদিকে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলতি মাসেই আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরুর পর থেকে কার্যত স্থবির হয়ে পড়েছিল এই আলোচনা।
/এআই