×
Logo

আন্তর্জাতিক

হ্যালোইনের সুযোগে মুখোশ পরে বিশৃঙ্খলার শঙ্কা ফ্রান্স সরকারের, ৭০ হাজার পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম

হ্যালোইনের সুযোগে মুখোশ পরে বিশৃঙ্খলার শঙ্কা ফ্রান্স সরকারের, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ছবি: রয়টার্স

ফ্রান্সের পরিস্থিতি শান্ত হচ্ছেই না। নতুন করে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার শঙ্কায় সতর্ক অবস্থানে দেশটির সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার (৩১ অক্টোবর) দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি সেবার মান এবং প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন সরকারের নীতির বিরুদ্ধে চলমান ক্ষোভ থেকে এই বিক্ষোভের সূত্রপাত।

রয়টার্স'র প্রতিবেদনে বলা হয়েছে, হ্যালোইন উৎসবের দিন শনিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে দুই সপ্তাহ আগে বিক্ষোভের সময় বিভিন্ন শহরে ভাঙচুর, লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটে। এতে দোকানপাট, সরকারি ভবন ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ওই পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী অনেকটা অপ্রস্তুত হয়ে পড়েছিল।

এবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দেশটির সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেছেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় নিরাপত্তা বাহিনী অত্যন্ত কঠোরভাবে দায়িত্ব পালন করবে। শনিবারের পরিস্থিতিকে তিনি জনশৃঙ্খলার জন্য ‘অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ’ দিন হিসেবে উল্লেখ করেছেন।

হ্যালোইন উৎসবের সুযোগ নিয়ে বিক্ষোভকারীরা মুখোশ পরে নিজেদের পরিচয় গোপন করতে পারেন, এমন শঙ্কাও করছে কর্তৃপক্ষ। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আইনি ক্ষমতা পুলিশের রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসও দেশটিতে অবস্থানরত নাগরিকদের বিক্ষোভ ও বড় জমায়েতের এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

ফ্রান্সের আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে ইউরোপের অন্য দেশগুলোতেও। শনিবার জার্মানির ৩০টির বেশি শহরে তরুণদের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।

এদিকে চলমান অস্থিরতা দেশটির রাজনীতিতেও প্রভাব ফেলছে। আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে রয়েছেন উগ্র ডানপন্থি নেতা মেরিন লে পেন। অন্যদিকে ম্যাকরনের সম্ভাব্য মধ্যপন্থি উত্তরসূরিরা এখনও নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারেননি।

বিক্ষোভের কারণে অর্থনীতিতেও চাপ বাড়ছে। শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফ্রান্সের অর্থনীতি সংকুচিত হয়েছে। দেশটির চেম্বার অব কমার্সের হিসাব অনুযায়ী, বিক্ষোভ ও সহিংসতায় খুচরা ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ ১০০ কোটি ইউরোর বেশি। বিমাবিহীন ক্ষয়ক্ষতি ও ব্যবসায়িক আয় হারানোর হিসাব যুক্ত হলে এই ক্ষতির পরিমাণ দ্বিগুণ হতে পারে।

/এমএমএইচ

Logo