বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব: ভৌতিক আবহে মেতেছে কোরিয়া-যুক্তরাজ্য-পোল্যান্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম
এবার জম্বি, উইচ বা কিলার ক্লাউনের সাজে বিশ্বজুড়ে পালিত হচ্ছে হ্যালোইন উৎসব। আজ ৩১ অক্টোবর বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ মেতেছেন এই ভৌতিক আবহে।
দক্ষিণ কোরিয়ার সিউলে চলছে ‘জম্বি অ্যাটাক’ উৎসব। জনপ্রিয় চলচ্চিত্র 'ট্রেইন টু বুসান' থেকে অনুপ্রাণিত হয়ে সিউল সিটি ট্যুর বাসে এই আয়োজন করা হয়েছে। জম্বিদের দেখে আতঙ্কে ছুটছেন দর্শনার্থীরা। তাদের চাপে বাসের রাইড ৫০ শতাংশ বাড়িয়ে মোট ৯টি ট্রিপের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যের দক্ষিণ ইংল্যান্ডে চলছে দেশটির সবচেয়ে বড় হ্যালোইন আয়োজন ‘শকটোবার ফেস্টিভ্যাল’। সেখানকার খামারের গোলকধাঁধায় স্ক্যাভেঞ্জার হান্টে অংশ নিচ্ছেন শত শত মানুষ। এছাড়া জম্বি ও কিলার ক্লাউনের সাজে নিঃশব্দে মানুষ শিকারে নেমেছেন ২০০ জনের বেশি শিল্পী। আনন্দঘন পরিবেশে তাদের ভয়ে প্রাণ বাঁচাতে ছুটছেন সাধারণ দর্শনার্থীরা।

অন্যদিকে, কিছুটা ভিন্নভাবে উৎসব পালন করছে পোল্যান্ডের স্লাভিকরা। তারা প্রাচীন ধর্মীয় রীতি মেনে মৃতদের স্মরণে ‘জিয়াদি’ উৎসব উদযাপন করছেন। জ্বলন্ত আগুনে খাবার ও পানীয় ছুঁড়ে দিয়ে মৃত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাচ্ছেন তারা। তাদের বিশ্বাস, এই দিনে মৃত প্রিয়জনরা জীবিতদের সাথে দেখা করতে আসেন। তাই মৃতদের খাবারের আমন্ত্রণ জানিয়ে এই শ্রদ্ধা জানানো হয়। প্রায় বিলুপ্ত এই প্রাচীন রীতি দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছেন পর্যটকরা।
/এসএম