×
Logo

আন্তর্জাতিক

ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ এএম

ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে ইসরায়েলের সামনে ‘ঐতিহাসিক ও একবারই আসা সুযোগ’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একযোগে কাজ করার কথা বলেছেন তিনি।

জেরুজালেমে নিজ দল লিকুদের নির্বাচনী সদর দফতরে বক্তব্য দেওয়ার সময় নেতানিয়াহু বলেন, ইরানের হুমকি চিরতরে দূর করার এই সুযোগ কাজে লাগাতে হবে। 

তিনি বলেন, ‘আমাদের বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মিলে ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক, একবারই আসা একটি সুযোগ ইসরায়েলের সামনে রয়েছে।’

ইসরায়েলের শত্রুদের মোকাবিলায় অতীতের সাফল্যের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, তারা শত্রুদের পরাস্ত করতে পেরেছেন এবং ভবিষ্যতেও পারবেন।

এ সময় আরব দলগুলোর সঙ্গে সহযোগিতায় আগ্রহী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন তিনি। 

নেতানিয়াহু বলেন, এ ধরনের দলগুলোর সঙ্গে কাজ করতে চাওয়াটা ‘লজ্জাজনক’। যেসব দল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের আক্রমণ করে, তাদের সঙ্গে থেকে কীভাবে ‘যারা দেশের সেবা করেন, তাদের অঙ্গীকার’ নিয়ে কথা বলা যায়, সেই প্রশ্নও তোলেন তিনি।

নিজের বিরুদ্ধে চলমান তদন্তেরও সমালোচনা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এসব তদন্তকে ‘অপরাধমূলক রাজনৈতিক তদন্ত’ বলে অভিহিত করেন তিনি।

বক্তব্যের শেষ দিকে নেতানিয়াহু বলেন, ইসরায়েল অতীতে শত্রুদের মোকাবিলা করেছে এবং ভবিষ্যতেও তা করতে সক্ষম হবে। এরপর নির্বাচনী সদর দফতরে বাজতে থাকা গানের সঙ্গে যোগ দেন তিনি।

/এআই 


Logo