মালিক-ইজারাদারের বিরোধে আসামের একটি হোটেলে এলোপাথাড়ি গুলি, নিহত ৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ এএম
ভারতের আসামের গুয়াহাটির একটি হোটেলে গুলিতে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। খবর এনডিটিভির।
সোমবার (২৬ অক্টোবর) রাতে শহরের বরা সার্ভিস এলাকায় হোটেল বিলাস ইন-এ এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হোটেলের মালিক ও ইজারা নেওয়া ব্যক্তির মধ্যে বিরোধের জেরে এ হামলা হয়। এ ঘটনায় ঘানাকান্ত গগৈ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি হোটেলটি ইজারা নিয়েছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন হোটেলের মালিক হেলেনা ভারালি, তার ছেলে দেবর্ষি কাশ্যপ, ছেলের স্ত্রী রিনিকি কাশ্যপ, পরিবারের আত্মীয় নারায়ণ দাস এবং হেলেনার ভাই ভূদেব ভারালি।
এ ঘটনায় পরিবারের আরেক স্বজন সত্যেন্দ্র পাঠক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুয়াহাটি মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গুয়াহাটির পুলিশ কমিশনার জানান, হামলায় ব্যবহৃত .৩২ বোরের একটি বৈধ পিস্তল জব্দ করা হয়েছে।
তিনি বলেন, নিহত সবাই হোটেলটির মালিকের সঙ্গে সংশ্লিষ্ট। ইজারাদার নিজেই গুলি চালিয়ে তাদের হত্যা করেছেন।
পুলিশ কমিশনার আরও জানান, প্রাথমিক তদন্তে হোটেলের ইজারা চুক্তি নিয়ে সম্পত্তিসংক্রান্ত বিরোধকে হামলার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, আসাম রাজ্য কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, গুয়াহাটির এ ঘটনা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বশর্মার ক্রমবর্ধমান অপরাধের বিষয়ে আরও মনোযোগ দেওয়া এবং দায় নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
/এএন