×
Logo

আন্তর্জাতিক

ইরান থেকে কূটনীতিক-পরমাণু বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর নাকচ করলো রাশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম

ইরান থেকে কূটনীতিক-পরমাণু বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর নাকচ করলো রাশিয়া

ইরানে নিযুক্ত রুশ কূটনীতিক এবং বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে আখ্যা দিয়েছে তেহরানে অবস্থিত রুশ দূতাবাস।

রোববার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

রুশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, দূতাবাসের কোনো কর্মী কিংবা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের ইরান ছেড়ে যাওয়ার পরিকল্পনা নেই। স্বাভাবিক নিয়মেই তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কূটনীতিক ও পরমাণু বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার বিষয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা।

ইরানের একমাত্র সচল পারমাণবিক স্থাপনা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে স্থাপনাটি একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে। 

এর আগে, জুলাইয়ে প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও বিদ্যুৎকেন্দ্রটির অভ্যন্তরে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়।

এমন পরিস্থিতিতে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা এবং ইরানে রাশিয়ার কূটনৈতিক উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে কূটনীতিক ও বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছে মস্কোর দূতাবাস।

/এআই 

Logo