ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ এএম
ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের প্রায় আট মাস অতিক্রম করার মুখে এবং তেলের দাম বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন তিনি। খবর, রয়টার্সের।
স্থানীয় সময় শনিবার (২৪ অক্টোবর) ফ্লোরিডায় আয়োজিত এক নির্বাচনী প্রচার সভায় ট্রাম্প বলেন, আমরা হয়তো আরেকটি ‘লিটল এপিক ফিউরি’ চালাতে পারি। উল্লেখ্য, 'অপারেশন এপিক ফিউরি' হলো ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযানের অফিশিয়াল কোড নাম। তবে তিনি এই বিষয়ে আর বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
এর আগে দিনের শুরুতে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র চাইলে দ্রুত এই যুদ্ধের সমাপ্তি টানতে পারে। তবে দ্রুত জয় নিশ্চিত করা নাকি সংঘাতকে ধীরে ধীরে প্রশমিত হতে দেওয়া উচিত— তা নিয়ে ওয়াশিংটন চিন্তাভাবনা করছে। দীর্ঘায়িত এই যুদ্ধের সমাপ্তি নিয়ে ট্রাম্প ইতিপূর্বে বিভিন্ন মন্তব্য করলেও সম্প্রতি তিনি বলেছেন, যেভাবেই হোক যুদ্ধ দ্রুত শেষ হবে। এর আগে চলতি মাসেই তিনি দাবি করেছিলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় হামলা চালাবে না যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। একই সময়ে লেবাননে পরিচালিত ইসরায়েলি হামলায় কয়েক হাজার মানুষের প্রাণহানি ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এ ছাড়া চলমান এই সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট ‘হরমুজ প্রণালি’ বর্তমানে এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ (২০%) জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস এই সংকীর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। সংঘাতের কারণে উভয় পক্ষের আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধ-পাল্টা অবরোধের কারণে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও অয়েল ট্যাঙ্কার চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
/এনএ