×
Logo

আন্তর্জাতিক

মাস্কের সঙ্গে কথা বলার পর ইউক্রেনে স্টারলিংক চালু, দাবি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

মাস্কের সঙ্গে কথা বলার পর ইউক্রেনে স্টারলিংক চালু, দাবি ট্রাম্পের

ইউক্রেনে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের ব্যবহার পুনরায় চালু করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে মাস্কের সঙ্গে তিনি নিজে কথা বলেছেন কি না, সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, স্টারলিংক সেবা আবার চালু করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি মাস্ককে ফোন করেছিলেন কি না, কিংবা অন্য কেউ যোগাযোগ করেছিলেন কি না, তা নিয়ে মন্তব্য করতে চাননি তিনি।

এর আগে, বৃহস্পতিবার, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনে স্টারলিংক ব্যবহারের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে মাস্ককে ফোন করে অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি ফোন করেছিলাম, নাকি অন্য কেউ করেছিল, তাতে বোধ হয় কিছু যায় আসে না। মূল কথা হলো, তিনি এটি আবার চালু করেছেন।'

এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, যুদ্ধক্ষেত্রে যোগাযোগ রক্ষা এবং ড্রোন পরিচালনার জন্য স্টারলিংক ব্যবহার করে ইউক্রেন। স্যাটেলাইটভিত্তিক এই ইন্টারনেট সেবা সীমিত হয়ে পড়ায় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আক্রমণাত্মক ও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ড্রোনের কার্যক্রম ব্যাহত হয়েছিল।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ট্রাম্প ও মাস্কের কথোপকথনের পর বৃহস্পতিবার স্টারলিংক সেবা আগের তুলনায় স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে।

তবে ইউক্রেনের কয়েকজন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, সেবাটি পুরোপুরি আগের অবস্থায় ফেরেনি। তারপরও গতি সীমিত করে দেওয়ার সময়ের তুলনায় এখন বেশি গতিতে কাজ করছে স্টারলিংক।

/এআই 

Logo