মোদিকে ফোন নেতানিয়াহুর, ইসরায়েলের জাতীয় দিবসে মশাল জ্বালানোর আমন্ত্রণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরায়েলের জাতীয় দিবসের অনুষ্ঠানে মশাল জ্বালানোর আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী বছরের ওই অনুষ্ঠানে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সঙ্গে মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুই নেতার টেলিফোনে কথা হওয়ার পর এ আমন্ত্রণের বিষয়টি সামনে আসে। এর আগে গত ৩ অক্টোবর আহত পাইলট মাচ্ছরের সঙ্গে কথা বলেও তাকে একই অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন নেতানিয়াহু।
হিন্দুস্তান টাইমস'র প্রতিবেদন অনুযায়ী, দুই নেতার আলোচনায় ভারত-ইসরায়েল সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা হয়।
সম্প্রতি দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ককপিটে হামলার শিকার হন ক্যাপ্টেন স্মিত মাচ্ছর। হামলার পরও পরিস্থিতি সামাল দিতে সাহসিকতার পরিচয় দেন তিনি। তার তৎপরতায় বিমানের যাত্রীদের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়।
ওই ঘটনার পর মাচ্ছরের সাহসিকতার প্রশংসা করেন নেতানিয়াহু। তাকে ভারত, ইসরায়েল ও বিশ্বের জন্য বীর হিসেবে অভিহিত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পরে তাকে ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মশাল জ্বালানোর আমন্ত্রণ জানান।
নেতানিয়াহু জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মশাল জ্বালানো ইসরায়েলের অন্যতম সর্বোচ্চ সম্মান। সাধারণত দেশটির নাগরিকদের এ সম্মান দেওয়া হয়। তবে মাচ্ছরের সাহসিকতার কারণে তাকে ব্যতিক্রমীভাবে আমন্ত্রণ জানাতে চান তিনি।
মোদি-নেতানিয়াহুর ফোনালাপে ভারত ও ইসরায়েলের দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। আঞ্চলিক পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়।
/এমএমএইচ