তুরস্ক সফরে কানাডার প্রধানমন্ত্রী, এরদোগানের সঙ্গে বৈঠক আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ওপর বাণিজ্যিক নির্ভরতা কমাতে উদ্যোগ নিচ্ছে কানাডা। নতুন অংশীদারত্ব গড়ে তোলার অংশ হিসেবে তুরস্ক সফরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
বুধবার (২১ অক্টোবর) অটোয়া থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন তিনি। আজ বৃহস্পতিবার আঙ্কারায় রিসেপ তাইয়্যেপ এরদোগান সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। শুক্রবার ইস্তাম্বুলে তুরস্কের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন কানাডার প্রধানমন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তুরস্কের যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরান বলেন, কার্নির এ সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হতে পারে। সফরে তুরস্ক ও কানাডার সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা করা হচ্ছে।
সফরকালে প্রতিরক্ষা ও জ্বালানিসহ চারটি খাতে সহযোগিতা জোরদারে কানাডা ও তুরস্কের মধ্যে একটি যৌথ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
মূলত, ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের প্রভাবের মধ্যে বিকল্প বাজার ও বাণিজ্যিক অংশীদার খুঁজছে কানাডা। এই সফরকে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের উদ্যোগ হিসেবে দেখছেন রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
/এমএইচআর