×
Logo

আন্তর্জাতিক

সৌদি আরব

দাম্মাম বিমানবন্দরে ফের হুতিদের হামলা, নিহত ১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৫ এএম

দাম্মাম বিমানবন্দরে ফের হুতিদের হামলা, নিহত ১

আবারও হুতি হামলার শিকার সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এতে নিহত হয়েছেন একজন। গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সশস্ত্র গোষ্ঠী হুতি সদস্যরা এ হামলা চালিয়েছে— এমন দাবি করেন সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিবৃতিতে জানানো হয়, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। একইদিন সৌদির আরামকোর একটি তেলক্ষেত্র লক্ষ্য করেও ড্রোন ছোঁড়ে হুতিরা। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে তা ভূপাতিতের দাবি রিয়াদের। তবে, ধ্বংসাবশেষের আঘাতে দু'জন নিহত এবং দু'জন আহত হয়েছেন।

এ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

সম্প্রতি রাজধানী রিয়াদসহ সৌদির প্রধান বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোয় দফায় দফায় হামলা চালাচ্ছে ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হন। পরদিন ১১ অক্টোবর বিমানবন্দরটিতে আবারও হামলা চালানো হয়।

ধারাবাহিক এসব হামলায় সৌদি ভূখণ্ডে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এর জেরে রাজধানী রিয়াদে ‘মরুভূমির দাভোস’ নামে পরিচিত বৈশ্বিক বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)’ স্থগিত করে ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

/এমএইচআর

Logo