টাইগার শ্রফের ওপর হামলা
চারবার হত্যার হুমকি পাওয়ার কথা জানালেন বাবা সিদ্দিকের ছেলে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম
অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার ঘটনার পর নিজের জীবনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকের ছেলে জিশান সিদ্দিক।
বিখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদদের ওপর এ ধরনের মর্মান্তিক ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।
দেশটির গণমাধ্যমের সাথে আলাপকালে জিশান সিদ্দিক জানান, গত ২ মাসে পেয়েছেন কমপক্ষে ৪ বার হত্যার হুমকি। একজন জনপ্রতিনিধি হয়েও যদি নিজের নিরাপত্তা না থাকে, তবে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ বোধ করবে, এমন প্রশ্নও তোলেন তিনি।
ঠিক দুই বছর আগে মুম্বাইয়ে প্রকাশ্যে বিষ্ণোই গ্যাংয়ের বন্দুক হামলায় প্রাণ হারান এই রাজনীতিবিদের পিতা সাবেক মন্ত্রী ও বলিউড পাড়ার আলোচিত মুখ বাবা সিদ্দিক। এরপর থেকে সালমান খানের সাথে ঘনিষ্টতার কারণে হত্যার হুমকি পেয়েছেন বহু বলিউড তারকা ও রাজনীতিক।
উল্লেখ্য, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পান তিনি।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে অনিল পণ্ডিত পরিচয় দিয়ে এক ব্যক্তি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষে এই হামলার দায় স্বীকার করেন।
পরে এ ঘটনায় তিন সন্দেহভাজনকে রাজস্থানের কোটা থেকে গ্রেফতার করে দেশটির পুলিশ।
/এএম