×
Logo

আন্তর্জাতিক

সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২, ভূপাতিতের দাবি নাকচ জোটের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম

সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২, ভূপাতিতের দাবি নাকচ জোটের

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল একটি এএইচ-৬আই গোয়েন্দা হেলিকপ্টার। সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধিক্ষেত্রের মধ্যে একটি এলাকায় এটি বিধ্বস্ত হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাজরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইরান-সমর্থিত হুতিদের হামলার ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধের মধ্যে ইয়েমেন সংঘাতও আরেকটি রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এর আগে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, সীমান্তবর্তী এলাকায় হুতিদের অবস্থান লক্ষ্য করে ‘শত্রুতামূলক তৎপরতা’ চালানোর সময় তারা সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন।

তবে সারির ওই পোস্টের জবাবে আল-মালিকি সারিবদ্ধ কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টারের ছবি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আপনারা দাবি করছেন, এটি ভূপাতিত করেছেন। কিন্তু এটি শিগগিরই যুদ্ধক্ষেত্রে নামবে।’

/এনএ 


Logo