×
Logo

আন্তর্জাতিক

ইয়েমেন সীমান্তে সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুতিদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম

ইয়েমেন সীমান্তে সৌদি আরবের অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুতিদের

ইয়েমেনের সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় দেশটির একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে হুতিরা। খবর আনাদোলু এজেন্সির। 

শনিবার (১৮ অক্টোবর) হুতিদের পরিচালিত ইয়েমেনের সংবাদ সংস্থা সাবার মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সীমান্তবর্তী এলাকায় হুতিদের অবস্থান লক্ষ্য করে ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়েছে।

তবে ইয়াহিয়া সারির এ বক্তব্যের বিষয়ে সৌদি আরবের কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত জুলাই থেকে ইয়েমেনে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। এ সময় সৌদি আরবকে লক্ষ্য করে একাধিক হামলা চালানোর দাবি করেছে হুতিরা। এসব হামলার মধ্যে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনাও রয়েছে।

এর আগে, ২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা ও কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে সংঘাত শুরু হয়। এর পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট।

পরে ২০২২ সালে হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত জুলাই থেকে নতুন করে সংঘাত শুরু হয়।

/এনএ 

Logo