দিল্লিতে সিজেপির ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল ঘিরে ৩২ হাজার পুলিশ ও সিএপিএফ মোতায়েন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:২৫ এএম
ভারতের রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থলে রাজনৈতিক উত্তাপ চরম আকার ধারণ করেছে। কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে পতাকা মিছিল ও বিক্ষোভ ঘিরে।
শুক্রবার (১৬ অক্টোবর) কনট প্লেস ও মধ্য দিল্লিতে ৩২ হাজারের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। সিজেপির দাবি, ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশের প্রায় ৬,০০০ সদস্যের পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২৬,০০০ সদস্যকে মাঠে নামানো হয়েছে। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার পর এটিই রাজধানীতে অন্যতম বৃহত্তম নিরাপত্তা সরঞ্জাম মোতায়েন।
গত মঙ্গলবার যন্তর মন্তরের তালাবদ্ধ গেট ডিঙিয়ে ভেতরে প্রবেশের অভিযোগে সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাসহ ১৪ জনকে আটক করে পুলিশ। পরে তাদের মধ্যে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এই গ্রেফতারের পরপরই সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকে দিল্লি জুড়ে পতাকা মিছিল ও সেন্ট্রাল পার্ক ঘেরাওয়ের নতুন ঘোষণা দেন।
সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে কনট প্লেস ও সংলগ্ন এলাকায় বিএনএসএসের ১৬৩ ধারায় ১৪৪ জারির মতো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) ১৬ ও ১৭ অক্টোবর সেন্ট্রাল পার্ক সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে কনট প্লেসের ব্যবসায়ী সমিতির আবেদনের ভিত্তিতে দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সুরক্ষায় রাজীব চক, প্যাটেল চক ও সংসদ মার্গে ব্যারিকেড দিয়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে, কোনো অবস্থাতেই শৃঙ্খলা ভঙ্গ করতে দেওয়া হবে না। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং শান্তি বজায় রাখার স্বার্থে সিজেপির বাছাই করা নির্দিষ্ট কিছু সদস্যকে শহরের অন্য একটি সুবিধাজনক স্থানে সীমাবদ্ধ পরিসরে পতাকা পদযাত্রার অনুমতি দেওয়া হতে পারে।
/এএ