‘পদত্যাগ নয়, দায়িত্ব পালনই মুখ্য’: শিক্ষার্থীদের উত্তাল আন্দোলনের মুখে আলবেনিয়ার প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ এএম
শিক্ষায় অবহেলা, ব্যাপক সরকারি দুর্নীতি এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার-সমর্থিত একটি বিতর্কিত রিসোর্ট নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে উঠেছে আলবেনিয়ার হাজার হাজার শিক্ষার্থী। রাজধানী তিরানাসহ বিভিন্ন স্থানে দাঙ্গা পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই উত্তাল পরিস্থিতির মধ্যেও দেশটির প্রধানমন্ত্রী এদি রাম পদত্যাগের দাবি স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিক্ষোভকারীরা রাজধানী তিরানার কেন্দ্রীয় স্ক্যান্ডারবেগ স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করলে তাদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ ব্যবহার করে। সহিংসতার তীব্রতায় আলবেনিয়ার সংসদ অধিবেশন বাতিল করতে হয়। রাজধানী ছাড়িয়ে শকোদ্রা, দুরেস, এলবাসান, কুকেস ও ভ্লোরা শহরেও আন্দোলন ছড়িয়ে পড়ে। শকোদ্রায় এক পুলিশ কমান্ডার গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শিক্ষার্থীদের মূল ক্ষোভের অন্যতম কারণ হিসেবে দেখা দিয়েছে আলবেনিয়ার দক্ষিণ উপকূলে জ্যারেড কুশনারের একটি বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের জন্য সরকারি সম্পত্তি ও গ্রামবাসীদের জমি বেআইনিভাবে বিক্রি করে দেওয়া। যদিও কুশনারের বিরুদ্ধে সরাসরি অনিয়মের কোনো প্রমাণ মেলেনি, তবুও এই আইনি চ্যালেঞ্জে থাকা প্রকল্পের কারণে পুরো গ্রীষ্মজুড়ে চলা অসন্তোষ গণবিক্ষোভে রূপ নেয়। এ ছাড়া শিক্ষা খাতের খরচ বৃদ্ধি, শিক্ষক ও চাকরির সংকট এবং জীবনযাত্রার চড়া দাম তরুণ প্রজন্মকে রাস্তায় নামতে বাধ্য করেছে।
তবে বিক্ষোভের জবাবে এক লিখিত বিবৃতিতে প্রধানমন্ত্রী এদি রাম জানান, তিনি পদত্যাগ করবেন না। তিনি বলেন, আমার মূল দায়িত্ব হলো জনগণের কথা শোনা এবং আলবেনিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। এই মুহূর্তে পদত্যাগ করা হবে আলবেনীয় জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা, যারা আমাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদসংক্রান্ত আলোচনা সফলভাবে শেষ করার ঐতিহাসিক দায়িত্ব দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত বছর টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার পর এটিই এদি রামের শাসনের জন্য সবচেয়ে বড় ঘরোয়া সংকট। ২০২৮ সালের মধ্যে ইইউ-এর পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার যে লক্ষ্য আলবেনিয়া নির্ধারণ করেছিল, সাম্প্রতিক এসব দুর্নীতি কেলেঙ্কারি ও অস্থিরতা সেই প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।
/এএ