ভারত ছাড়ার নোটিশের বিরুদ্ধে কাল মুম্বাই হাইকোর্টে যাচ্ছেন ইমরান খান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পিএম
ভারতের চলমান বিক্ষোভে অংশ নেওয়ায় দেশ ছাড়ার নির্দেশ পেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। তবে এর বিরুদ্ধে তিনি মুম্বাই হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে তার আইনজীবীরা। খবর হিন্দুস্তান টাইমস।
আইনজীবী জুলফিকার মেমন, পারভেজ মেমন এবং চিরাগ নায়েকের সমন্বয়ে গঠিত ইমরান খানের আইনি দল বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) মুম্বাই হাইকোর্টে জরুরি শুনানির আবেদন জানিয়ে পিটিশন দাখিল করছেন।
আইনজীবীর দাবি, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের কোনও প্রতিবাদ বা বিক্ষোভে অংশ নেওয়ার ক্ষেত্রে নিয়মে নিষেধাজ্ঞা নেই।
এদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, একজন মার্কিন নাগরিক মেরি মিলবেন বিজেপির পক্ষে কথা বলতে পারেন। কিন্তু ওসিআই কার্ডধারী ইমরান বিজেপির বিরুদ্ধে কিছু বলতে পারেন না।
মুম্বাই পুলিশের দেওয়া নোটিশে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে ইমরান খানকে। তিনি মার্কিন নাগরিক বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে। গত ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন তিনি।
এ সময় তার সঙ্গে অভিনেত্রী লেখা ওয়াশিংটনসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে ছেড়ে দেওয়া হয় তাদের। পুলিশের অভিযোগ, বিদেশি নাগরিক হয়েও রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে ওসিআই কার্ডের শর্ত লঙ্ঘন করেছেন ইমরান। তবে এই অভিনেতা বলছেন, মুম্বাইয়ের বাসিন্দা হিসেবে মানুষের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিয়ে উদ্বেগ থেকেই যোগ দেন তিনি।
/এসআইএন