×
Logo

আন্তর্জাতিক

রাহুল গান্ধির আবেদনে সাড়া সুপ্রিম কোর্টের, জ্ঞানেশ কুমারকে পাঠানো হলো নোটিস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম

রাহুল গান্ধির আবেদনে সাড়া সুপ্রিম কোর্টের, জ্ঞানেশ কুমারকে পাঠানো হলো নোটিস

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চ্যালেঞ্জ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধিসহ বিরোধী জোটের নেতাদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ও শীর্ষ নির্বাচন কর্মকর্তাদের জবাব চেয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

ভারতের নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকে নোটিস দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ এ আদেশ দেন। আবেদনে ভোটার তালিকা সংশোধনের নামে ব্যাপক হারে ভোটারের নাম বাদ দেওয়া এবং এ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলা হয়েছে।

বিরোধী নেতাদের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোটাধিকার সুরক্ষায় আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

আবেদনকারীরা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ, সংশ্লিষ্ট ভোটারকে আগাম নোটিশ দেওয়া এবং তার বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি, যেসব ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের তথ্য ও নাম বাদ দেওয়ার কারণ প্রকাশের বিষয়টিও আবেদনে গুরুত্ব পেয়েছে।

এ মামলার সঙ্গে বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আগে দায়ের করা আবেদনগুলোও যুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ফলে ভোটার তালিকা সংশোধন নিয়ে চলমান আইনি বিতর্ক একই ধারায় বিবেচনার সুযোগ তৈরি হলো।

রাহুল গান্ধি ও অন্য বিরোধী নেতারা এর আগে নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার দাবিও জানিয়েছেন। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে অনিয়ম হলে তা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও যোগ্য নাগরিকদের ভোটাধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

/এমএমএইচ

Logo