সৌদি আরবের বিমানবন্দরে অচলাবস্থা: ১০৩টি ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৫ হাজারেরও বেশি যাত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৪ পিএম
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে পরিচালিত বিপুল সংখ্যক ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়েছে। এতে এখন পর্যন্ত মোট ১০৩টি আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি ও পরিচালনা ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ১৫ হাজার ৭৭৯ জন যাত্রীর ওপর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৪২টি সরাসরি (ডিরেক্ট) ফ্লাইট এবং ৬১টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
ক্ষতিগ্রস্থ সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৮টি রিয়াদ এবং এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে,ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, সালামএয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।
হঠাৎ এই ফ্লাইট বিপর্যয়ের কারণে হজ, ওমরাহ এবং কর্মস্থলে ফেরা হাজার হাজার প্রবাসী যাত্রী চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখোমুখি হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বেবিচক।
/এনএ