×
Logo

আন্তর্জাতিক

বাংলাদেশের জেন-জি বিপ্লবই আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম

বাংলাদেশের জেন-জি বিপ্লবই আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা

বাংলাদেশের জেন-জি বিপ্লব থেকে অনুপ্রেরণা পেয়েছেন ভারতের তরুণেরাও— এমন মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। তিনি বলেছেন, বাংলাদেশে শুরু হওয়া গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকারের আন্দোলন দেশটির তরুণদের লড়াইয়ের পথ দেখিয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

নেহা বোরা বলেন, বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন ছিল গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকারের দাবিতে। বর্তমানে ভারতের তরুণরা যে আন্দোলনে অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন, সেটিও গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকারের আন্দোলন।

ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশের তরুণদের লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একই ধরনের লড়াই আজ ভারতের জেন-জি ও তরুণেরাও করছেন। তার ভাষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্রমবর্ধমান হুমকি ও আক্রমণের মুখে রয়েছে।

ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি তুলে ধরে নেহা বোরা বলেন, দেশটির সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতেও শিক্ষার্থীদের অধিকারের ওপর ব্যাপক দমন-পীড়ন চলছে। একই সঙ্গে শিক্ষাকে বেসরকারীকরণের প্রবণতাও বাড়ছে।

তিনি আরও বলেন, ভারতে শিক্ষাব্যবস্থার গেরুয়াকরণ এবং মুক্তচিন্তা ও সমালোচনামূলক চিন্তার ওপর দমন-পীড়ন চলছে। একই ধরনের প্রবণতা বাংলাদেশেও দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, সেখানে মুক্তচিন্তাকে দমিয়ে রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণদের ওপর রাজনৈতিক প্রচারণা চাপিয়ে দেওয়া হচ্ছে।

বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নেহা বোরা বলেন, তারা বাংলাদেশের তরুণদের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন এবং তাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলন থেকে শিক্ষা গ্রহণ করছেন। বাংলাদেশ ও ভারতের তরুণেরা একসঙ্গে একটি উন্নততর দক্ষিণ এশিয়া ও আরও সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে লড়াই চালিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

/এনএ 

Logo