×
Logo

আন্তর্জাতিক

মন্ত্রিত্ব ও রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম

মন্ত্রিত্ব ও রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান

ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান তার পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়ে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি রাজ্যসভার সংসদ সদস্যপদ থেকেও অব্যাহতি চেয়েছেন। তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল স্তরে কাজ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে এল মুরুগান উল্লেখ করেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ ও নিজ রাজ্য তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার কাছে ছিল সর্বোচ্চ সম্মানের। চিঠিতে তিনি লেখেন, বিনম্র ও কৃতজ্ঞ চিত্তে আমি অনুরোধ জানাচ্ছি যেন আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করার অনুমতি দেওয়া হয়, যাতে আমি তামিলনাড়ুতে দলকে শক্তিশালী করার কাজে পূর্ণ সময় দিতে পারি।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, দিনমজুরের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা আমার জীবনের এক পরম সৌভাগ্য। এখন আমি তৃণমূল স্তরে ফিরে যেতে চাই; দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার কাজে নিজেকে পূর্ণ সময়ের জন্য নিয়োজিত করতে চাই।

/এনএ 

Logo