×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ এএম

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের, জর্জিয়া অঙ্গরাজ্যের, 'সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া' বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কোব কাউন্টি পুলিশ। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা ওই ব্যক্তিকে রোলার কোস্টার থেকে পড়ে যেতে দেখেছেন।

আটলান্টা শহরের কাছাকাছি অবস্থিত পার্কটির ‘গোলিয়াথ’ নামের রোলার কোস্টারে চড়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের একজন সিএনএনকে জানান, রাইডে চড়ার সময় তোলা স্মারক ছবিতেও ওই ব্যক্তিকে পড়ে যেতে দেখা গেছে।

সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্কে প্রায় এক ডজন রোলার কোস্টার রয়েছে। এর মধ্যে 'গোলিয়াথ' অন্যতম আকর্ষণ।

পার্কটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২১০ সেকেন্ডের এই রাইডে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল গতিতে ছুটে চলার পাশাপাশি, ২০০ ফুট উচ্চতায়, ওঠার অভিজ্ঞতা পাওয়া যায়।

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের অন্যান্য সিক্স ফ্ল্যাগস পার্কে একই ধরনের কিছু রাইড সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পার্কটির এক মুখপাত্র। সোমবার সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।

এক বিবৃতিতে সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া কর্তৃপক্ষ জানায়, ‘আজ আমাদের পার্কে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহত অতিথির পরিবার, বন্ধুবান্ধব ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

পার্কটির ওই মুখপাত্র আরও জানান, মঙ্গলবার পার্কটি এমনিতেই বন্ধ রাখার কথা ছিল। অক্টোবর মাসে সাধারণত সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এটি খোলা থাকে। তবে 'কলম্বাস ডে' উপলক্ষে সোমবার পার্কটি চালু ছিল।

ডব্লিউএক্সআইএ'র আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ঘটনার পর রোলার কোস্টারে থাকা অন্য যাত্রীদের সরিয়ে নেয়া হচ্ছে। দুর্ঘটনার সময় পার্কে ছিলেন অনেক দর্শনার্থী।

সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়ার নিয়মিত দর্শনার্থী রহিম হাকমাতি সিএনএনকে জানান, পার্কে পৌঁছে তিনি দেখতে পান, বড় বড় দলে দর্শনার্থীরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। একপর্যায়ে তিনি কারও মুখে শোনেন, গোলিয়াথ রাইড থেকে একজন পড়ে গেছেন।

পরে রাইডটির কাছে গিয়ে তিনি দেখেন, নিরাপত্তাকর্মীরা দর্শনার্থীদের সেখান থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। তখন রোলার কোস্টারটি ওঠার পথে একটি ঢালু অংশে থেমে ছিল। কিছুক্ষণ পর হাকমাতি ও অন্য দর্শনার্থীদেরও পার্ক থেকে বের করে দেয়া হয়।

ঘটনার আগের দিনও তিনি ওই রাইডে চড়েছিলেন উল্লেখ করে হাকমাতি বলেন, ‘এ ঘটনাকে আরও অবিশ্বাস্য করে তুলেছে যে, আগের রাতেই আমরা সিক্স ফ্ল্যাগসে গিয়েছিলাম এবং নিজেরাও গোলিয়াথে চড়েছিলাম। তখন রাইডটিতে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি, এমনকি কোনো সমস্যাও অনুভব করিনি।’

/এআই 

Logo